২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অয়ন-জিমি সিরিজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> এম এস নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

অয়ন জিমি সিরিজ

লেখক: ইসমাইল আরমান

কিশোর থ্রিলার

সেবা প্রকাশনী

আমেরিকার লস অ্যাঞ্জেলসে বাস করা দুঃসাহসী একদল কিশোর গোয়েন্দা -- রহস্যের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ে, কাউকে ভয় করে না, রহস্যের সমাধানে কোনো বাধা মানে না। কারা ওরা? উঁহু, তিন গোয়েন্দা নয়! বলছি অয়ন-জিমির কথা।

সেবা প্রকাশনীর কিশোর থ্রিলার ‘অয়ন-জিমি সিরিজ’-এর সাঙ্গে আমাদের অনেকেরই পরিচয় নেই, তাইতো আজ তোমাদের পরিচয় করাতে চাই এই অসাধারণ থ্রিলার সিরিজটার সঙ্গে।

আমরা যারা তিন গোয়েন্দার স্বর্ণযুগের বইগুলো পড়ে বড় হয়েছি, তারা জানি, সেই জাদু আর কখনও ফিরে পাওয়া যাবে না। কিন্তু অয়ন-জিমি সিরিজের বইগুলো পড়ে যেন অনেকটা সেই পুরনো স্বাদ ফিরে পাবে। জটিল সব মাথা ঘোরানো রহস্য, রক্ত টগবগ করা এডভেঞ্চার, ধাঁধার সমাধান, গুপ্তধনের খোঁজ, এ সবই আছে অয়ন-জিমিতে!

অয়ন-জিমি সিরিজের স্রষ্টা ইসমাইল আরমান, বর্তমানে সেবা প্রকাশনীর অন্যতম জনপ্রিয় লেখক ও অনুবাদক। তবে উনি কিন্তু আর সব লেখকদের মতো নন। উনি লেখালেখি শুরু করেন তোমাদের মতো বয়স থেকেই। লিখতে লিখতে, যখন সবে ক্লাস টেনে উঠেছেন, তখনই লিখে ফেলেন মৌলিক রহস্য উপন্যাস, ‘কালকুক্ষি’। অয়ন-জিমি সিরিজের প্রথম বই এটি, ১৯৯২ সালে বই আকারে প্রকাশিত হয়।

সিরিজের প্রধান দুই চরিত্র অয়ন হোসেন আর জিমি পার্কার। মাঝেমাঝেই ওদের সঙ্গী হয় বন্ধু রিয়া। যেহেতু লেখক আমাদের মতোই একজন তিন গোয়েন্দা ভক্ত, কিশোর বয়সে অয়ন-জিমি সৃষ্টি করেন, তাই চরিত্রগুলোর মধ্যে অবশ্যই তিন গোয়েন্দার ছায়া আছে।

অয়ন হল গোয়েন্দা প্রধান, কিশোর পাশার মতোই অনেকটা তার হাবভাব! জিমি পার্কারও অনেকটা মুসার মতো। অয়ন প্রবাসী বাংলাদেশী, জিমি আমেরিকান। রিয়া, মানে ভিক্টোরিয়া ওয়েস্টমোর ওদের সহপাঠিনী বন্ধু, খুবই মজার একটা চরিত্র। তিন গোয়েন্দার সাঙ্গে বড় তফাৎ হল, অয়ন জিমি রিয়া সত্যিকারের ছোট ছেলেমেয়েদের মতো প্রচুর খুনসুটি ঝগড়াঝাঁটি এমনকি হাতাহাতিও করে প্রত্যেক বইয়ে!

অয়ন-জিমি সিরিজের অনেকগুলো বইই লেখকের নিজস্ব সৃষ্টি, বিদেশী বইয়ের রূপান্তর নয়। একনজরে এই সিরিজ -

১। কালকুক্ষি (প্রকাশকাল ১৯৯২)

২। সাবাস অয়ন! সাবাস জিমি! (প্রকাশ ১৯৯৯)

৩। কালো মেঘ (প্রকাশ ২০০১)

৪। হারানো শুশুক (প্রকাশ ২০০১)

৫। মাঞ্চুরিয়ান মুখোশ + কিংবদন্তী (প্রকাশ ২০০১)

৬। প্রাসাদবাড়ির রহস্য + বিপদের ছয়টি আঙ্গুল + পাথরপিশাচ - ভলিউম ১ (প্রকাশ ২০০৮)

৭। ভিক্টোরিয়ার হীরে + রেলগাড়ি ঝমাঝম + হ্যারোভিলের রহস্য - ভলিউম ২ (প্রকাশ ২০১২)

অল্পের মধ্যে বলি, বইগুলো আসলে কেমন।

কালকুক্ষি: টেক্সাসের এক ছোট শহরে বেড়াতে এসেই ঝামেলায় জড়িয়ে পড়ল অয়ন ও জিমি, অপহরণ করা হল ওদের। ওদের কাছে কি চায় শয়তান লোকগুলো? বহুদিন আগের এক অমীমাংসিত রহস্য কি আছে এসবের মূলে?

বইটা পড়ে বিশ্বাসই হতে চায় না এটা স্কুল পড়ুয়া ক্ষুদে লেখকের লেখা! দারুণ সব ধাঁধার জট সৃষ্টি করেছেন লেখক।

সাবাস অয়ন! সাবাস জিমি! : এই বইয়ে সাতটি মিনি-রহস্যের সমাধান করতে হয় অয়ন ও জিমিকে। বইয়ের শেষ গল্পটার নাম ‘নেই ভেদাভেদ’, এই গল্পে প্রথম আবির্ভাব হয় রিয়া ওয়েস্টমোরের! খুব মজার একটা বই।

কালো মেঘ: এক বৃদ্ধ পাইলটের মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উঠল রহস্য, রহস্যের সীমানা আমেরিকা থেকে ভিয়েতনাম পর্যন্ত! বুড়ো তো রেখে গেছে একটা পুরনো প্লেন আর কিছু কাগজপত্র। তাহলে কী খুঁজছে অদ্ভুত মানুষগুলো? কে আসলে কোন পক্ষের? অয়ন-জিমি-রিয়ার একটা জমজমাট উত্তেজনাকর কাহিনী!

হারানো শুশুক: প্রিয় শিক্ষিকার পোষা শুশুকটা উধাও হয়ে গেছে, খুঁজে দেয়ার কথা দিল অয়ন ও জিমির। কিন্তু কেঁচো খুঁড়তে সাপ বেরোবে কে জানত? ভয়ংকর একদল অপরাধীর গুহায় পা দিয়ে ফেলেছে ওরা। সমুদ্রেই কি সমাধি হবে ওদের?

মাঞ্চুরিয়ান মুখোশ + কিংবদন্তী: পুরনো জিনিসের দোকান থেকে শখ করে একটা মুখোশ কিনে বিপদে পড়ে গেল রিয়া। মুখোশটা অনেকেই কেড়ে নিতে চায়, কিন্তু কেন? রহস্য সমাধানে নেমে পড়ল অয়ন, জিমি আর রিয়া।

কিংবদন্তী বইটি একটি স্কি-ক্যাম্পকে কেন্দ্র করে। চুরির উৎপাত, মানুষের ওপর হামলা, আরও সব গোলমেলে কাণ্ড ঘটেই চলেছে। এর মধ্যে কিংবদন্তীর এক ভয়াল দানবের আগমন! অয়ন-জিমির আরেকটা পড়ার মতো কাহিনী।

ভলিউম ১ - প্রাসাদবাড়ির রহস্য + বিপদের ছয়টি আঙ্গুল + পাথরপিশাচ: এই ভলিউমের তিনটি বইই অসাধারণ! ক্লাসিক তিন গোয়েন্দার স্বাদ পাওয়া যায় এই রহস্যগুলোতে।

প্রাসাদবাড়ির রহস্য বইয়ে প্রয়াত খ্যাপাটে চলচ্চিত্র নির্মাতার আজব উইলের ধাঁধা সমাধান করতে নামে অয়ন-জিমি-রিয়া। কী সেই মহার্ঘ সম্পদ, কোথায়ই বা লুকানো আছে? সেই ধাঁধার সমাধান করতে ইংল্যান্ডের এক রহস্যময় প্রাসাদ-বাড়িতে হাজির হল ওরা তিনজন!

বিপদের ছয়টি আঙ্গুল গল্পে একটা দস্তানা খুঁজে পায় অয়ন ও জিমি, যেটাতে পাঁচের বদলে ছয়টি আঙুল! দস্তানার মালিককে খুঁজতে গিয়ে পড়ল মহাবিপদে। কিন্তু হুমকি আক্রমণে ভয় পাবার ছেলে নয় ওরা। সিংহাসনচ্যুত এক রাজকুমারী সাহায্য চাইল ওদের কাছে। বুদ্ধি গুলিয়ে দেয়া ধাঁধা সমাধান করে, আততায়ীর হাত থেকে বেঁচে, ওরা কি পারবে হারানো মুকুট উদ্ধার করতে? বইটিকে অসাধারণ বললেও কম বলা হয়!

পাথরপিশাচ বইয়ে লেখক তোমাদের শোনাবেন একটি পাথরের মূর্তির গল্প। সত্যিই কি জ্যান্ত হয়ে উঠেছে পাথরের মূর্তি? নাকি ভুল দেখেছেন বৃদ্ধ মিস্টার মিচাম? পুরাতন থিয়েটার বাড়িটায় কী ঘটছে আসলে? তদন্ত করতে নামল অয়ন-জিমি আর রিয়া। আরেকটা চমৎকার বই।

ভলিউম ২ - ভিক্টোরিয়ার হীরে + রেলগাড়ি ঝমাঝম + হ্যারোভিলের রহস্য: এই ভলিউমে আছে দুটি গল্প ও একটি উপন্যাস।

ভিক্টোরিয়ার হীরে – গল্পে রিয়ার জন্মদিনের পার্টিতে সবার নাকের ডগা দিয়েই চুরি হয়ে গেলো নয় লক্ষ ডলারের হীরের নেকলেস! কীভাবে হল, কোথায় গেল, কিচ্ছু বুঝতে পারছে না পুলিশ। রহস্য সমাধানে নেমে পড়ল অয়ন-জিমি।

রেলগাড়ি ঝমাঝম – রহস্য যেন খুঁজে নেয় গোয়েন্দাকে! তাই বাবা-মার সাঙ্গে ট্রেন ভ্রমণে বেরিয়েই রহস্য পেয়ে গেল দুই গোয়েন্দা। মিসেস মুনরো-র অলঙ্কারগুলো চলন্ত ট্রেন থেকে কোথায় গেল? অয়নের বুদ্ধির কাছে কি ধরা পড়বে ধূর্ত চোর? ভালোই জমজমাট গল্পটা।

হ্যারোভিলের রহস্য বইটিও তিন গোয়েন্দার সেরা বইগুলোকে মনে করিয়ে দেবে। ছোট্ট শহর হ্যারোভিলে এসেছে অয়ন-জিমি-রিয়া, প্রাচীন রেল ইঞ্জিনের জাদুঘর দেখতে। পরিত্যক্ত রেললাইন আর টানেলে ঘটছে অদ্ভুত সব রহস্যময় ঘটনা। সত্যিই কি চীনা শ্রমিকদের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে টানেলে? আর শহরে চুরি ও অগ্নিসংযোগের ব্যাপারগুলো কার কাজ? এই বইটিও সিরিজের অন্যতম সেরা!