২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংধনু গাছ

তোমাকে যদি ছোট্ট একটি প্রশ্ন করা হয়, রংধনু কোথায় দেখা যায়? তুমি চোখ বন্ধ করেই বলে দিবে, ‘কেন? আকাশে।’ এবার তোমার চোখের সামনে যদি দেখানো হয়, রংধনু শুধু আকাশে না, গাছের গায়েও দেখা যায়! তুমি কি আমার কথা বিশ্বাস করবে? তোমাকে বিশ্বাস করানোর জন্যই এমন অদ্ভুত একটি গাছের খোঁজ জানাবো আজকে। চমৎকার এই গাছটির ইংরেজি নাম ‘রেইনবো ইউক্যালিপটাস।’ আর বাংলায় একে রংধনু গাছ বলেই ডাকতে পার তুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মুশফিকুর রহমান আশিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 01:29 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

ফিলিপাইনের মিন্ডানাও, নিউ হ্যাম্পশায়ার, নিউ বৃটেন, নিউ জিনিয়া প্রভৃতি অঞ্চলে গেলে এক ধরণের অপূর্ব সুন্দর গাছ চোখে পড়বে-- যার বাকলে রংধনুর মতো আলপনা আঁকা। হঠাৎ দেখলে কেউ মানতেই চাইবে না, এই আলপনা পুরোটাই প্রাকৃতিক, কেউই রঙ-তুলি নিয়ে হাতে আঁকেনি। এই প্রাকৃতিক রংধনু আলপনাযুক্ত গাছটির নামই ‘রেইনবো ইউক্যালিপটাস’ বা ‘মিন্ডানা গাম।’

ওয়ার্ল্ড এগ্রো ফরেস্ট্রির তথ্যানুযায়ী এটি একটি চিরহরিৎ গাছ। মানে হচ্ছে সব ঋতুতেই এ গাছের পাতা থাকে একদম ঘন সবুজ। গাছটি বাড়েও বেশ তাড়াতাড়ি, তাই এটি প্রতি বছরে আট ফুট পর্যন্ত বড় হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতা ১৯৭-২৪৬ ফুট পর্যন্ত হয় এমনও দেখা গিয়েছে। প্রস্থেও সে কম যায় না, ৭.৯ ফুট পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

বিচিত্র রঙের রেখার কাণ্ড গাছটিকে সারা বছরজুড়ে অসাধারণ সাজে সাজিয়ে রাখে, দেখলে মনে হয়, কোনো শিল্পী তুলি দিয়ে চমৎকার এক আলপনা এঁকেছে গাছটির গায়ে। এই রঙ আসলে বিভিন্ন রকমের গাম বা আঠা থেকে আসে, যা তৈরি হয় গাছটির নিজের শরীরেই। এখন গাছটি যদি তোমাদের খুব বেশি পছন্দ হয়ে যায় এবং তুমি তোমার বাগানে লাগিয়ে বাগানকে সাজাতে চাও বিচিত্র রূপে, তবে তোমার এলাকার গড় তাপমাত্রা হতে হবে ৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এর বেশি বা কম হলে তোমার বাগানে কিছুতেই বেঁচে থাকতে পারবে না এই সুন্দর গাছটি।

গাছটি কিন্তু শুধু সৌন্দর্যের জন্যই না, বরং তার গুণের জন্যও খুব বিখ্যাত। বিশ্বব্যাপী রংধনু গাছ ব্যবহার করা হয় সাদা কাগজ তৈরির মণ্ড হিসেবে। ফিলিপাইন এবং কোস্টারিকায় এ গাছের চাষ করা হয় মূলত অন্য ফসলের বাগানে। কম আলোতে ভালো থাকে এমন ফসল চাষের জন্য এর ছায়া বিশেষ উপকারী। তবে ভেব না শুধু রঙ আর ছায়াই কাজে আসে। অন্য সব গাছের মতো এ গাছের কাঠও ফার্নিচার এবং ক্যাবিনেট তৈরিতে ব্যবহৃত হয়। হাওয়াইতে রংধনু গাছের কাঠ নৌকা তৈরিতেও ব্যবহার করা হয়। ভেবে দেখ, কেমন সুন্দর রঙিন একটা নৌকা হয়। আর তোমার মতো ছোট ছেলে-মেয়েরা সেটি দেখে কতই না মজা পায়!

গাছটির আরও একটি অসাধারণ বৈশিষ্ট্য হল, এটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে রঙ পরিবর্তন করে। সত্যি বলছি, গাছ একই থাকে কিন্তু এর বাহারি বাকল বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের হয়ে যায়। বর্ষার পরপর নতুন পানি খেয়ে টইটুম্বুর হয়ে বাকলের রঙ হয়ে যায় একদম চকচকে রঙিন। শুধু কী তাই? গাছের রঙ বদলায় এর বাকলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও। একদম প্রথমে উজ্জ্বল সবুজ থেকে আস্তে আস্তে গাঢ় হতে হতে নীল, বেগুনী হয়ে একটা সময় কমলা, মেরুন রঙেরও হয়ে যায়।

অসাধারণ রকমের সুন্দর এই গাছটির দেখা পেতে যেতে হবে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি অথবা ফিলিপাইনে, যেখানে এদের মূল উৎপত্তি স্থল। এছাড়াও এদের দেখা মিলবে দক্ষিণ আমেরিকা, মালয়েশিয়া, শ্রীলংকা বা চীনে। এতে আকৃষ্ট হয়ে প্রচুর পর্যটক প্রতিবছর ভিড় জমান এসব এলাকায়।