সেদ্ধ ও কাঁচা ডিম চেনার ম্যাজিক
হুট করে যদি তোমার সামনে দুটো ডিম রেখে বলা হয়, ‘এর মধ্যে একটা ডিম সেদ্ধ আর অন্যটি কাঁচা। বলতে পারবে, কোনটা সেদ্ধ আর কোনটা কাঁচা?’
নিশ্চয়ই তুমি ভীষণ চিন্তায় পড়ে যাবে। গালে হাত দিয়ে অনেকক্ষণ চিন্তা করবে। তারপর হয়ত ডিম দুটোকে ধরে দেখবে। দুটোই ঠাণ্ডা, দুটোর ওজনই প্রায় এক, রঙ, আকার, আকৃতি সবই এক। কী বিপদ!
আজকে তবে একটুখানি বিজ্ঞান কাজে লাগিয়েই আমরা এই ডিম দুটোকে আলাদা না করতে পারার বিপদ থেকে উদ্ধার পাব। একইসঙ্গে ম্যাজিকটাও শিখে নেব। শুরু করা যাক তাহলে--
আজকের এই ম্যাজিকটার জন্য তোমার দরকার হবে দুটো ডিম। ডিম দুটোকে অবশ্যই হতে হবে একই আকারের ও রঙের। এর মধ্যে তুমি একটা ডিমকে সেদ্ধ করবে, আরেকটা ডিমকে নরমাল ফ্রিজে রেখে দিবে। সেদ্ধ করার পর ঐ সেদ্ধ ডিমটাকেও কাঁচা ডিমের সঙ্গেই নরমাল ফ্রিজে রেখে দিবে।
এবার সবার সামনেই ডিম দুটোকে রেখে জিজ্ঞেস করবে, ‘কেউ কি আলাদা করতে পারবেন কোন ডিমটা সেদ্ধ আর কোনটা কাঁচা?’ দেখবে কেউই পারছে না। তখনই তুমি দেখাবে তোমার ম্যাজিক।
একটা শক্ত টেবিলের উপর রেখে দুটো ডিমকেই একসঙ্গে ঘুরাও, একদম লাটিমের মতো । একটু খেয়াল করলে দেখবে, একটা ডিম একটু আস্তে ঘুরছে। ঐ আস্তে ঘুরতে থাকা ডিমটাই কাঁচা ডিম।
আরও নিশ্চিত হওয়ার জন্য ঘুরতে থাকা অবস্থাতে দুটো ডিমকেই আলতো করে ধরে থামিয়ে দাও। দেখবে, একটি ডিম প্রায় সঙ্গে সঙ্গেই থেমে গেছে। কিন্তু আরেকটা ডিম তখনও অল্প অল্প ঘুরছে। অল্প ঘুরতে থাকা ডিমটাই কাঁচা ডিম।
এ পরীক্ষাটি করে তুমি চট করে বলে দিতে পারবে, এই ডিমটা কাঁচা আর অন্য ডিমটা সেদ্ধ। সবাই যখন দেখতে চাইবে, তখন ডিম দুটোর খোসা ভেঙ্গে তুমি দেখিয়ে দিবে, আসলেই তুমি ঠিক। তারপর সবাই প্রশ্ন করবে, কোন ডিমটা কাঁচা আর কোনটা সেদ্ধ, এটা কীভাবে বোঝা গেল?
আবার যখন ঘুরার সময় ডিম দুটোকে থামিয়ে দেয়া হবে, তখন কাঁচা ডিমের বাইরের কঠিন অংশে চাপ লাগবে। এতে শুধু বাইরের অংশটুকুর ঘুরা থেমে যাবে। কিন্তু ভেতরের তরল অংশ তখনও ঘুরতে থাকবে। তাই কাঁচা ডিমটি সহজে থামবে না। এদিকে সেদ্ধ ডিম যেহেতু একটি একক কঠিন পদার্থ, তাই সেটিকে থামালে পুরো ডিমটাই থেমে যাবে।
খুব সহজ না ম্যাজিকটা? তবে চল, ঝটপট এ ম্যাজিকটা দেখিয়ে অবাক করে দেই সবাইকে। মা অবশ্য ডিম নষ্ট করার জন্য বকুনি দিতে পারে, তবে বিজ্ঞানের জন্য এক আধটু বকুনি খেলে তেমন কোনো ক্ষতি হয় না। বকুনির ভয়ে সবাই যদি পিছিয়েই যেত, তাহলে কি আর আমরা বিজ্ঞানের এত্তো এত্তো আবিষ্কার পেতাম, বলো?
