২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৌড়

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড় শুরু হবে। বাঁশি বাজার আগ মুহূর্তে সবার নাম ঘোষণা করা হচ্ছে। ৬ নম্বর প্রতিযোগীর নাম ঘোষণার পর পরই উপস্থিত দর্শকরা ফিসফাস শুরু করে দিলেন। তাদের সম্মিলিত গুঞ্জনে বাকি দুইজনের নাম ভালো করে শোনাই গেল না। উপস্থিত দর্শক বলতে আসলে অংশগ্রহণকারীদের মা-বাবা। তবে যাকে নিয়ে এত গুঞ্জন, সেই ছেলেটির বাবা-মা কেউই উপস্থিত নেই। কারণ দৌড় প্রতিযোগিতায় তাদের ছেলে যে শেষপর্যন্ত অংশ নিতে পারে, এই ধারণাই তাদের নেই। তাই ছেলেটির সঙ্গে আছে শুধু ছেলেটির বাসার কেয়ারটেকার মোখলেস ভাই। দৌড় শুরু হওয়ার পরপরই ছেলেটা অল্প এগিয়ে পড়ে গেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রাসয়াত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 09:45 AM

Updated : 13 Oct 2022, 12:30 PM

এ ঘটনার কিছুদিন আগের ঘটনা-

বার্ষিক খেলাধুলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নামের তালিকা নাসিমা ম্যাডামের কাছে এসে পৌছাল। ম্যাডাম নাম দেখে ভ্রু কুঁচকে ফেললেন, রাহাতের নাম এখানে কেন? তিনি অন্যান্য সবার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করলেন এই লিস্টে রাহাতের নাম কে দিয়েছে?  

শামীমা ম্যাডামের কাছে গেলে শামীমা ম্যাডাম বললেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরকম তো হওয়ার কথা না।

নাসিমা ম্যাডাম রাহাতকে স্কুল প্রাঙ্গণে খোঁজার চেষ্টা করলেন। স্কুল ছুটি হয়ে গিয়েছে, সবাই চলে যাওয়ার কথা। তাই রাহাতকেও পাওয়া যাচ্ছে না। রাহাতকে নিতে তার বাবা কিংবা মা কেউ একজন আসেন। নিদেনপক্ষে, একজন কেয়ারটেকার তো আসেনই। তাকেও দেখা যাচ্ছে না।

নাসিমা ম্যাডাম স্কুলের প্রিন্সিপাল এবং রাহাতদের ক্লাসের বাংলা শিক্ষক। তিনি প্রতিদিন হোমওয়ার্ক দেন এবং সেটা ক্লাসে ছাত্র-ছাত্রীরা জমা দেয়। স্কুল শেষে নিজের রুমে বসেই ম্যাডাম সেগুলো চেক করেন। আজও তিনি হোমওয়ার্ক খাতাগুলো নিলেন দেখার জন্য। সবার উপরের খাতাটাই ছিল রাহাতের। রাহাতের হাতের লেখা খুব সুন্দর। লেখাও খুব গোছানো। আজকের লেখার টপিক ছিল আমাদের পরিবার। নাসিমা ম্যাডাম রাহাতের লেখা পড়তে শুরু করলেন--

আমাদের পরিবার চার জনের। আমি, আব্বু, আম্মু ও প্লুটো। আমি আব্বুকে ভালোবাসি। আম্মুকে ভালোবাসি। প্লুটো আমার কুকুর। বল ছুঁড়ে মারলে প্লুটো নিয়ে আসে। তবে আমি প্লুটোর মতো দৌড়াতে পারি না। আমার স্কুলের বন্ধুরাও দৌড়ায়; কিন্তু আমি পারি না ... … … ।

নাসিমা ম্যাডাম সেদিন রাতে রাহাতদের বাসায় ফোন করলেন। রাহাতের বাবাকে বললেন --

মি. রহমান আপনার ছেলের ইমোশনটা আমরা বুঝি। তবে ও যেটা চাচ্ছে সেটা কীভাবে বাস্তবায়ন করব বুঝতে পারছি না।

আমার ছেলে কী করেছে?

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার দৌড়ে সে প্রতিযোগী হতে চেয়েছে।

ইম্পসিবল! বাচ্চা মানুষ না বুঝে লিখেছে। তার মানে তো এই না, যে তাকে সেখানে যেতে দিতে হবে। তার দুটো পা-ই নকল।

দেখুন ক্লাসের ৪০টি বাচ্চাই আমার বাচ্চার মতো। আমি চাই না রাহাত মনে কষ্ট পাক।

বাস্তবতা তাকে মানতে হবে। অন্যদের মতো স্বাভাবিক সে নয়। এটা যত বড় হবে তত দ্রুত তাকে মানতে হবে। সে লেখাপড়ায় ভালো। ভালো ছবি আঁকে। এসব নিয়েই সে খুশি থাকুক।

নাসিমা ম্যাডাম স্কুলে পরদিন কয়েকজন ম্যাডামের সঙ্গে জরুরী মিটিং করলেন। ৫০ মিটার দৌড় প্রতিযোগিতা বাদ দেওয়া যাবে না, কারণ প্রতিবার এটা হয়ে আসছে।  

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন প্রধান অতিথি হয়ে এলেন মাননীয় মন্ত্রী। তিনি এসে নির্দিষ্ট জায়গায় বসলেন। মন্ত্রী মহোদয়রা সাধারনত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আগ দিয়ে আসেন। কিন্তু আজ তিনি একদম শুরুতেই চলে এসেছেন। ৫০ মিটার দৌড় যখন শুরু হয় তিনিও সবার সঙ্গে দেখছিলেন। রাহাত যখন পড়ে যায় তিনি মাথায় হাত দিলেন। তিনিসহ সবাই অবাক হয়ে দেখলেন, রাহাত পরে গিয়েও আবার উঠে দাড়িয়েছে। সগৌরবে দৌড়াচ্ছে। প্রতিযোগিতা শেষে দেখা গেল আট জনের মধ্যে রাহাত ষষ্ঠ হয়েছে।

পুরষ্কার দেওয়ার সময় ডায়াসে প্রথম তিনজন উঠল। রাহাত তখন দূরে বসে থেকে তার প্যান্টের ময়লা পরিষ্কার করছে। তাকে সাহায্য করছেন মোখলেস ভাই।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় বক্তৃতা দিলেন--

আমরা সব সময়ই একটা কথা বলি-- অংশগ্রহণই বড় কথা। এই কথাটা আমিও এতদিন মানতাম। কিন্তু আজ এক অদ্ভুত ব্যাপার দেখলাম। কেউ কেউ শুধু অংশগ্রহণকেই বড় মনে করে না। সকল প্রতিরোধ ভেঙ্গে ফেলার অদম্য ইচ্ছাও কেউ কেউ রাখে। আমি আপনাদের বলতে চাই, ৭১ এ যুদ্ধক্ষেত্রে আমি এমন একজনকে পেয়েছিলাম। পায়ে গুলি লাগার পরও তাকে থামানো যায়নি। তিনি মাটি কামড়ে পড়ে থেকে আমাদের সঙ্গে যুদ্ধ করতেন। যুদ্ধের পর তার পা কেটে ফেলতে হয়। তিনি সেখানেও থামেননি। মৃত্যুর আগ পর্যন্ত কখনও এক গ্লাস পানি খাওয়ার জন্যও কারও সাহায্য নেননি। আজ একটা ৯-১০ বছরের ছেলের মধ্যেও আমরা সেটাই দেখতে পেলাম। আমরা মাঝে মাঝেই ভাবি, ভবিষ্যৎ প্রজন্মের কী হবে? কিন্তু এই ছেলের মতো ছেলেরা যদি থাকে, তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তার কিছু আছে।

এই কথাগুলো যখন বলা হচ্ছিল, রাহাত তখন দূরে কোথাও বসে আছে। মোখলেস ভাই তার সঙ্গে কথা বলছেন--

রাহাত, তুমি আজকে ভালো দৌড়াইছ।

আমার যদি আসল পা থাকত, আরও ভালো দৌড়াতে পারতাম মোখলেস ভাই।

আসল পা নিয়েও তো দুইজন তোমার পিছনে ছিল।

পানি কি শেষ?

গাড়িতে আছে, আমি নিয়ে আসতেছি।

রাহাত মাথা নিচু করে বসে ছিল। তখন একটা পানির ফ্লাস্ক রাহাতের দিকে কেউ এগিয়ে দিল। রাহাত মাথা ঘুরিয়ে দেখল মন্ত্রী মহোদয়। তাঁর পেছনে অন্য সব লোকজন।

মন্ত্রী বললেন, দৌড় কোনো সহজ ব্যাপার না বাবা। আমি যখন দৌড়াতাম, আট জনের মধ্যে অষ্টম হতাম। তুমি ষষ্ঠ হয়েছ। তোমার জন্য এই ফ্লাস্কটা পুরষ্কার।

আমি ষষ্ঠ হওয়ার জন্য যদি পুরষ্কার পাই, তাহলে আমার উপরে যারা ছিল, তাদের সবাইকেই পুরষ্কার দিতে হবে।

মন্ত্রী মহোদয় রাহাতের কথায় খুব মজা পেলেন। নাসিমা ম্যাডাম উনাকে বললেন, রাহাত ক্লাসের ক্যাপ্টেন। সবার প্রতি যত্নশীল হওয়াটাকে সে তার নিজের দায়িত্ব বলে মনে করে।

মন্ত্রী বললেন, ৬ জন না, ৮ জনকেই পুরষ্কৃত করা হবে। রাহাত ওঠো। আমরা বয়স্করা দেশটাকে খুব স্লো বানিয়ে ফেলেছি। তোমাদের সময় যখন আসবে তখন দেশ দৌড়াবে, আজকে তোমাদের দৌড় দেখে আমার তাই মনে হল।

কয়েক বছর পর বাংলাদেশ গেমসের হিটে রাহাতের নাম এল। একজন কর্মকর্তা বললেন, এটা তো প্যারা-অলিম্পিকের হিট না। এই ছেলে এখানে কী করে?

কেউ একজন জবাব দিলেন, এই ছেলে মূল অলিম্পিকে যাওয়ার জন্য এখানে এসেছে। আমরা যেটা ১০ বার চেষ্টা করব এই ছেলে সেটা ১০০ বার করবে।

ভালো, কখন সে তার চেষ্টা থামাবে?

এ ছেলে জয়ী হওয়ার আগ পর্যন্ত কখনওই কোনো কিছুতে থামে না। সে খালি একটা জিনিসই বুঝে। সেটা হচ্ছে, দৌড়।