স্বপ্নের ফেরিঅলা
শামসুর রহমান নামে এক কবি ছিল তার বুক জুড়ে এই বাংলার ছবি ছিল। আঁকতেন ফুলপাখি শতরং মাখামাখি আঁকতেন নীলাকাশ ধানী ঢেউ সুবাতাস দোয়েলের কোকিলের গানও তিনি আঁকতেন হাতে তিনি জাদুময় কলমটা রাখতেন।
যেন তার সে কলম স্বপ্নের কাঠি ছিল
তার ঘরে লালনীল পরিদের ঘাঁটি ছিল।
স্বপ্নরা ঘুরেফিরে
থাকত যে তাকে ঘিরে
পরিদের নাচ দেখে
আঁকতেন একে একে
ছোটদের ঘোরলাগা যতসব অভিযান
এইভাবে স্বপ্নের এক দেশে কবি যান।
স্বপ্নের ফেরিঅলা আমাদের এই কবি
নির্মল হাসিময় আমাদের এই কবি
শব্দের জাদুকর আমাদের এই কবি
পাখির ডানার মতো আমাদের এই কবি
যেন এক খোলা মাঠ বাংলার প্রাণ
তার নামে দোয়েলেরা গেয়ে ওঠে গান।
