ঘুড়ি উড়ানো মজার খেলা
মোগল আমলে ঢাকার অভিজাত লোকদের বিনোদনের জন্য ঘুড়ি উড়ানোর আয়োজন করা হত। ১৭৪০ সালের দিকে নায়েবে নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের আমলে ঢাকায় ঘুড়ি উড়ানো উৎসব একটা ঐতিহ্যে পরিণত হয়।
তখন থেকেই আমাদের দেশে বাণিজ্যিকভাবে ঘুড়ি তৈরি শুরু হয়। বাড়ির ছাদ, খোলা মাঠ থেকে আকাশে অনেক ঘুড়ি উড়তে দেখা যায়। বর্তমানকালে বিনোদনের এতসব উপকরণ থাকা সত্ত্বেও ঘুড়ি উড়ানো একেবারে বন্ধ হয়ে তো যায়ইনি, বলা যায় ভালো রকমেই টিকে আছে।
ঘুড়ি উড়ানো একটি মজার খেলা হলেও বহু দেশে ঘুড়ি উড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুড়ি উড়ানো একটি বিনোদনমূলক খেলা। বাংলাদেশে, বিশেষ করে পুরনো ঢাকায় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উড়ানোর উৎসব পালন করা হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান - ভারতবর্ষীয় এসব এলাকায় ঘুড়ি উড়ানোর বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়।
যে ঘুড়িটা ভোকাট্টা হল, সেটা নিয়েও আছে অন্যরকম এক প্রতিযোগিতা। ঘুড়ি ধরার প্রতিযোগিতা। কাটা ঘুড়ি বাতাসে টাল খেতে খেতে একসময় নিচে গিয়ে পড়ে। ছোট ছোট ছেলেরা আগে থেকেই ওঁৎ পেতে থাকে কে ধরতে পারে সেই ঘুড়ি। যে ধরতে পারবে, কাটা ঘুড়ির মালিক সে। এও এক অন্যরকম আনন্দ, অন্যরকম মজা। আরেকরকম প্রতিযোগিতার বিষয় হচ্ছে কত উপরে ঘুড়ি উঠানো যায়। তবে যে প্রতিযোগিতাটি শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই উৎসবের সঙ্গে আয়োজন করা হয়ে থাকে সেটা হল ঘুড়ির আকার-আকৃতি ও অলঙ্করণ নিয়ে প্রতিযোগিতা। অর্থাৎ কে কত চমৎকার ঘুড়ি বানাতে পারে তার প্রতিযোগিতা।
ঢাকাবাসীর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লে গ্রাউন্ডে প্রতিবছর ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। নানান রংয়ের, নানান আকৃতির শত শত ঘুড়ি সেদিন আকাশে উড়তে দেখা যায়। এসব ঘুড়ির কোনোটার নাম কালাপাহাড়, কোনোটার নাম লালপাহাড়, কোনোটা চুড়িদার, পেটকাটা, চুমকি, পঙ্খিরাজ, আবার কোনোটার নাম প্রজাপতি। অনেক সংগঠন এবং ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে।
আমাদের দেশের অনেক এলাকায়ই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর শুধু আমাদের দেশে কেন, চীন, জাপান ও পূর্ব এশীয় অন্যান্য দেশে শত শত বছর ধরে ঘুড়ি উড়ানো জনপ্রিয় একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বাংলাদেশসহ এশীয় দেশে শীত এবং গ্রীষ্মকালের শেষভাগে ঘুড়ি উড়ানোর খেলা প্রায় উৎসবের আকার নেয়।
শুধু সুন্দর আকৃতি আর দেখতে রংচঙা হলেই সুন্দর ঘুড়ি হয় না। বাতাসে ভেসে থাকার জন্য ঘুড়িকে যথাযথ আকার ও ওজনের তৈরি করতে হয়। নইলে ঠিকভাবে তা উড়বে না। ঘুড়ি সাধারণত দুই ধরনের-সুতাওয়ালা এবং সুতাবিহীন ঘুড়ি। সুতাওয়ালা ঘুড়ির মধ্যে আছে ঘুড্ডি, ঢাউশ, চং, চোঙা। আর সুতাবিহীন ঘুড়ি হল ফানুস, বেলুন, হাউই ইত্যাদি।
বিভিন্ন দেশে ঘুড়ির বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে। বাংলাদেশে চারকোনা আকৃতির বাংলা ঘুড়ি, ড্রাগন, বক্স, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙা, আগুনপাখি, প্যাঁচা, ফিনিক্স, জেমিনি, চরকি লেজ, পাল তোলা জাহাজ, জাতীয় পতাকা প্রভৃতি সব নামের ঘুড়ি বানানো হয়।
সুতাবিহীন ঘুড়ির মধ্যে অন্যতম হল ফানুস। ফানুস আসলে মুখখোলা বিরাট আকারের বেলুন। ফানুসের নিচের দিকে একটা প্রশস্ত মুখ থাকে, যা দেহের আয়তনের তুলনায় সরু। মুখটা খোলা থাকে এবং একটা খিল বৃত্তাকারে বাঁকিয়ে মুখটা গোল করে বানানো হয়। ফানুসের সমস্ত দেহ পাতলা কাগজ দিয়ে তৈরি করা হয়। ফানুসের মুখের নিচে লোহার একটা শিক ঝুলানো থাকে। ঝুলন্ত শিকটির মাঝখানে তুলা বা ন্যাকড়া জড়িয়ে তেল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। উড়ানোর সময় ফানুস মশালের মতো শিখাসহ জ্বলতে থাকে আর উপরের দিকে উঠতে থাকে। ফানুস আকাশে কয়েক মাইল পর্যন্ত উড়ে থাকে।
ফানুস হোক আর কাগজের ঘুড়ি হোক, প্রতিযোগিতা হোক অথবা উৎসব হোক, সব ক্ষেত্রেই ঘুড়ি উড়ানো আসলে মজার এক খেলা।
