২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূতের বাচ্চাটা ক্লাসে গিয়ে কাঁদে

সকালে যখন উড়ে উড়ে আসছিল, তখন কেউ দেখছিল না ঝিঝিমকে। কিন্তু এখন সবাই দেখছে। কারণ এখন সে একটা ছেলের বেশ ধারণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> চন্দন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 03:23 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

তবে কেউ তার সঙ্গে কথা বলছে না। কেন কথা বলছে না, বুঝতে পারছে না ও। সে চায় সবাই তার সঙ্গে কথা বলুক, খেলুক। সে সবার সঙ্গে সুর মিলিয়ে গানও গাইতে চায়। তবে তার গান গাওয়া কেন যেন হয়ে ওঠে না। গলাটা কেমন যেন বেসুরো। এই বেসুরো গলার জন্য সে নিজের ভাগ্যকে দোষ দেয়। সবাই যখন মিষ্টি কণ্ঠে গান গায়, তখন সে মন খারাপ করে চুপ মেরে থাকে।

ঝিঝিম ভাবল, আজ সে একজনকে বন্ধু বানাবে। তাই পাশের ছেলেটির দিকে তাকিয়ে বলল, “জানো, আমি বাতাসে পদ্মফুল ফোটাতে পারি।”

পাশের ছেলেটা শুনে অবাকই হল।

বলল, “এটা কখনই সম্ভব নয়। একজন জাদুকরের পক্ষেই শুধু সম্ভব।”

“‘কিন্তু আমি পারি, খুব ভালো করেই পারি।”

“কেমন করে পার তুমি?”

“সেটা আমি জানি না।”

তখনই ঝিঝিমের মনে পড়ে যায়, এইসব খেলা দেখান তার একেবারে নিষেধ। কারণ মানুষদের বোঝানো যাবে না যে সে একটা ভূতের বাচ্চা।

তার বাবা-মা বাড়ি থেকে আসার পথে পরিষ্কার বলে দিয়েছে, “তুমি আর যা-ই কর, কাউকে খেলা দেখাতে যেও না। কারণ তখন তুমি ধরা পড়ে যাবে। আর একবার ধরা পড়ে গেলে রক্ষা নেই। তা ভূত সমাজের জন্য কলঙ্কেরও কারণ হবে। মানুষ এখন অনেক ধরনের ক্যামেরা আবিষ্কার করে ফেলেছে। একবার যদি কোনো রকমে ছবি তুলে নিতে পারে, তবেই সারা। সারাবিশ্বে দেখানো হবে ভূতের ছবি। কারণ এখনও পর্যন্ত কোনো ভূতের ছবি মানুষ তুলতে পারেনি।”

এসব উপদেশের কথা ঝিঝিমের মনে পড়ে। তখনই সে চুপ মেরে যায়। সে আর তার কথা এগিয়ে নিয়ে যায় না। পাশের ছেলেটা বলল, “তাহলে দেখাও তোমার পদ্ম।”

ঝিঝিম চুপ করে আছে। সে আর তার খেলা দেখায় না। নিজের সত্যি কথাটাও সে কাউকে বলতে পারে না। ওই ছেলেটা ফিসফিস করছে, “চাপা মারে, ব্যাটা বদ, পাজি, বাঁদর কোথাকার।”

খুবই খারাপ লাগে ঝিঝিমের। ক্লাসে স্যার ঢুকতেই এই ভাবনা থেকে মুক্তি মিলল। সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল। ঝিঝিমও দাঁড়াল। স্যার বসার পর সবাই বসল। স্যার বললেন, “তোমরা কি পড়া শিখে এসেছ?”

তখনই ঝিঝিমের মনে পড়ল, পড়াটা শিখতে ভুলে গেছে ও। সে সারা রাত ভূতদের অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলেছে। তাই পড়া শেখা হয়নি।

স্যার সবাইকে পড়া জিজ্ঞেস করলেন। ঝিঝিমকে জিজ্ঞেস করতেই, সে চুপ করে দাঁড়িয়ে থাকল।

স্যার বললেন, “কী, পড়া শেখোনি কেন? তুমি জানো না, পড়া না শিখলে আমি খুব মারধর করি।”

ঝিঝিম কাঁদো-কাঁদো হয়ে বলল, “জি স্যার, জানি।”

স্যার এবার কড়া ভাষায় বললেন, “তাহলে কেন পড়া শেখোনি তুমি?”

আর তখুনি মুখ ফসকে বেরিয়ে গেল সত্যি কথাটা, “কাল সারারাত ওড়াউড়ি খেলেছি স্যার, তাই পড়া শিখতে ভুলে গেছি।”

স্যার এবার অবাক হলেন, “ওড়াউড়ি আবার কেমন খেলা? আমার সঙ্গে ফাজলামি কর? এমন মার দেব যে, মারের সঙ্গে সঙ্গে তোমার মাথা থেকে ভূতও পালাবে।”

ঝিঝিমের তখন আবার মনে পড়ে গেল, সে একটা ভূত। আর ভূতদের পক্ষেই কেবল সম্ভব ওড়াউড়ি খেলা। এই খেলা খেলতে খুবই ভালোবাসে ভূতের বাচ্চারা। তারা সারারাত আকাশে ওড়াউড়ি খেলে। আর খেলাটাও দারুণ মজার। আকাশের মধ্যে নিজের ইচ্ছেমতো রূপ নেয়। কেউ একজন গাছ হলে, অন্য একজন সেই গাছে ফুল হয়ে ফুটে থাকে। আবার কেউ একজন জোরসে বাতাস হয়ে সেই ফুলটাকে ঝরিয়ে দেয়।

গত রাতে ঝিঝিম হয়েছিল একখণ্ড লাল মেঘ। আর একটা ভূতের বাচ্চা হল বেগুনি মেঘ, আরেকটা হল হলুদ। এমনি করে সাতজন মিলে সাত বর্ণ ধারণ করে একটা রংধনু বানাল। মনে পড়তেই ক্লাসের মধ্যেই অজান্তে হেসে ফেলল ঝিঝিম। তার মনেই ছিল না সে যে ক্লাসে আছে। আর তার স্যার যে রুদ্রমূর্তি হয়ে তারই দিকে তাকিয়ে আছে।

ঝিঝিমের মুখে হাসি দেখে রাগে চিৎকার করে উঠলেন স্যার, “তুই, পড়া শিখিসনি, আবার হাসছিস! এত্ত বড় সাহস তোর! পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলব একেবারে।”

স্যারের মুখের এমন দৃশ্য দেখে ভয়ে কুঁকড়ে গেল ঝিঝিম। তার ইচ্ছে হচ্ছে এখনই অদৃশ্য হয়ে উড়ে যেতে। কিন্তু মা-বাবার মানা। কোনো প্রকারেই মানুষের সামনে অদৃশ্য হওয়া যাবে না। অদৃশ্য হতে হলে সবার আড়ালে চলে যেতে হবে। কিন্তু এখন কী করবে সে, স্যার তো আজ তাকে পিটিয়ে মেরেই ফেলবে। উপায় না দেখে ঝিঝিম বলল, “স্যার, আমি যদি আগামীকাল ডবল পড়া দিই!”

“একদিনের পড়া শিখে আসতে পারিসনি, দুদিনেরটা পারবি কী করে!”

“পারব স্যার।”

“না, কোনো প্রকার সুযোগ তোকে দেওয়া যাবে না। অবশ্যই তোকে বেত খেতে হবে।”

বেত খাওয়ার জন্য ঝিঝিম হাত পেতে দিল। স্যার দড়াম দড়াম করে কয়েক ঘা বসিয়ে দিলেন।

স্যার বললেন, “এই তোর যোগ্য শাস্তি।”

ঝিঝিমের চোখ দিয়ে জল বেয়ে পড়ছে।

পাশের ছেলেটি হৃদয়হীনের মতো বলল, “একটু আগে চাপা মারছিল বাতাসে পদ্ম ফুটিয়ে দেবে। সেই চাপার উচিত সাজা হয়েছে।”

তখন আরও জোরে কেঁদে ফেলল ঝিঝিম। আহারে, কেউ তাকে বিশ্বাস করে না। সে যে উড়তে পারে, সে যে উড়ে উড়ে কত কিছু হতে পারে, কাউকে বোঝানো সম্ভব নয়। অথচ স্কুলে আসার পথেও সে একটি বেলুন হয়ে উড়ছিল। সেই বেলুন দেখে একটা বাজপাখি ছুটে আসে। সামনে আসতেই ঝিঝিম অদৃশ্য হয়ে গেল। বাজটি চিঁচিঁ করে অনেকক্ষণ উড়ল। তারপর ইচ্ছে করেই সে একটি সাদা পায়রার আকার নিল। বাজ তো মহাখুশি, আজ এটাকে পেট পুরে খাবে। যেই না জোরে ছুটে এসে তাকে ছোঁ মারতে চাইল, অমনি অদৃশ্য হয়ে গেল সে। বাজটা তখন ভয় পেয়ে গেল। সে ভাবল, সে ভুল দেখতে শুরু করেছে।

এগুলো ঝিঝিম কাউকে বোঝাতে পারে না। আর বোঝানো সম্ভবও না।

নিজের চোখের জলটা মুছে সে পাশের ছেলেটিকে বলল, “আমি তোমার কাছে মিথ্যে করে বলেছিলাম যে, আমি বাতাসে পদ্ম ফোটাতে পারি। আর কখনও এমন কথা বলব না।”

এর মধ্যে স্যার সবার পড়া নিয়ে ফেলেছেন। ক্লাস থেকে চলে যাবেন। এমন সময় ঝিঝিমকে উদ্দেশ্য করে বললেন, “আগামীকাল দুদিনের পড়া দিবি। নইলে পিটিয়ে লাল করে ফেলব।”

আবার জল এল চোখে। ভাবল, মানুষগুলো কেমন হৃদয়হীন!

স্কুল ছুটি হয়ে গেল। পাশে বসা ছেলেটির পিছু নিল সে। হঠাৎ সে মানুষ রূপ থেকে একটা পদ্ম হয়ে গেল। ছেলেটা যখন একা একটি মাঠ দিয়ে যাচ্ছিল তখন সে তার মুখের সামনে গিয়ে বাতাসের মধ্যে নাচানাচি শুরু করে দিল। ছেলেটা দেখল মুখের সামনে একটা পদ্মফুল উড়ে উড়ে নাচছে।

একটু হকচকিয়ে গেল ও। তবে ফুল বলে রক্ষা, ভয় পেল না। অন্য কিছু হলে মনে হয় ভয়ে অজ্ঞানই হয়ে যেত।

পদ্মফুলটা দেখতে দেখতেই সে বাড়ি ফিরল।

মুখের সামনে এসে একটা পদ্মফুল উড়ে বেরিয়েছে-- এই কথাটা ও গিয়ে অনেককে বলল। কিন্তু ছেলেটির কথা কেউ বিশ্বাস করল না।