২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমোদাচি বা বন্ধুদের জন্য ভালোবাসা

বলতে গেলে সেই ছোটবেলা থেকেই নানুর কোলেপিঠে বেড়ে উঠেছে রাইয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ফখরুজ্জামান চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:32 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

নানুর জন্য তার খুব মায়া। মা যদি বকুনি দেয়, বাবা যদি পড়তে বলেন, নিনটেনডো গেইমস হাত থেকে কেড়ে নেন, ধমক দিয়ে বলেন, “রাইয়ান, এক্ষুনি তো বাংলাদেশে চলে যাবে নানুর কাছে!”

রাইয়ান যখন খুব রেগে যায়, কী সব কথা বলে জাপানি ভাষায়, ওর বাবা-মারও বুঝতে কষ্ট হয়। রাইয়ানের মা ব্যস্ত থাকেন নিজের চাকরি আর লেখাপড়া নিয়ে। আর বাবা তো আরও ব্যস্ত। জাপানি এক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন বাবা। আর জাপানিদের মতো কাজপাগল মানুষের সঙ্গে কাজ করা মানে কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া।

রাইয়ানের মা তার মাকে বলেন, “বুঝলে আম্মা, এই জাতটা কথায় কথায় মাথা নোয়ালে কী হবে, এরা কিন্তু মাথা-উঁচু জাত। পিঁপড়ের সঙ্গে এদের মিল আছে। পিঁপড়ে যেমন পরিশ্রমী, এক হয়ে চলে, আর দুর্দিনের জন্য সঞ্চয় করে রাখে, এরাও ঠিক তেমন।

“এমনও শোনা যায়, নিঃসন্তান জাপানি বুড়োবুড়ি কেউ মারা গেলে, আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশী মৃতদেহের সৎকার শেষ করার সঙ্গে সঙ্গে ওদের বালিশ-তোষক-লেপ তন্নতন্ন করে খুঁজে দেখে, কোনোটায় কাড়ি কাড়ি ইয়েনের নোট ঠাসা আছে কি না!”

ঘটনা সত্য কি মিথ্যা, তারা জানেন না। তবে শুনেছেন ওদের জাপানি সহকর্মী বন্ধু-বান্ধবদের কাছ থেকেই।

রাইয়ানের নানু অবশ্য তার মেয়ের কথা বিশ্বাস করেন।

রাইয়ানের জন্মের সাত মাসের মধ্যে যেদিন প্রথম জাপান পৌঁছালেন তার নানু। ওদের বাসা দেখে তো তার মন ভীষণ খারাপ হল। আরও খারাপ হল টয়লেটের সাইজ দেখে। আহারে, তার আদরের মেয়েটা টাকা-পয়সা বাঁচাতে কত কষ্টেই না থাকে! মায়ের মন কাঁদে, মেয়েকে মুখ ফুটে কিছু বলেন না; পাছে মেয়ের মনে কষ্ট হয়।

তখন রাইয়ানরা থাকত ফুকুওকা শহরে। ওখানকার এক ইউনিভার্সিটিতে রাইয়ানের মা-বাবা দুজনেই পিএইচডি করছেন। ছয় মাসের রাইয়ানকে প্রথম যেদিন বেবি কেয়ার হোমে রেখে মা ক্লাস করতে গেলেন, চোখের পানিতে বুক ভেসে গিয়েছিল তার। আহারে, কত কচি বাচ্চাকে রেখে এলেন তিনি ওখানকার ‘সেনসি’দের কাছে! সেনসি, মানে শিক্ষিকা তো বেতন নিয়ে কাজ করেন। ওরা কী আর মায়ের মমতা দিয়ে তার বাচ্চার যতœ নেবেন!

সন্ধ্যায় বাসায় ফিরে ঢাকায় মাকে ফোন করেলেন, তার হাহাকারের কথা বললেন।

মেয়ের কথা শুনে ঢাকায় মায়ের চোখ পানিতে ভেসে যায়। আহারে, দূরদেশে তার মেয়ে কত কষ্ট করছে! মেয়ে তার চাপা স্বভাবের, নিজের কষ্টের কথা সহজে বলতে চায় না কারও কাছে। আজও সে যখন বলল, তেমন কেঁদে-কেটে-কঁকিয়ে বলেনি। শুধু বলেছে, “জানো মা, তোমার নাতিকে আজ প্রথম যখন ‘হইকুনে’ রেখে ক্লাস করতে যাই, কী যে কষ্ট লেগেছে!”

ব্যস! এতেই মায়ের সব জানা হয়ে গেল। আহারে, এই সময়ে যদি নাতির কাছে না থাকা যায়, তাহলে আর নানু হয়ে কী লাভ!

রাগ গিয়ে পড়ল রাইয়ানের নানার উপর। এই লোকটার জন্য হাত-পা ঝাড়া দিয়ে কোথাও দুদিন থাকা হয় না রাইয়ানের নানুর। বসে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারেন না, এমনি অকম্মের ধাঁড়ি!

যা থাকে কপালে! এবার আর কিছু ভাববেন না। যাবেনই নাতির কাছে। যে কদিন পারেন, থাকবেন ওখানে। মেয়েকে বললেন, “তুই আমার যাওয়ার ব্যবস্থা কর। ভিসার জন্য কাগজপত্র যা যা লাগে জলদি পাঠা।”

মেয়ে কুঁইকুঁই করে বলে, “কিন্তু আব্বা? আব্বা কি ছুটি পাবেন, পারবেন আসতে?”

“তোর অত চিন্তা করতে হবে না। তোর আব্বা টেলিফোনের কাছেই বসা। সব শুনছেন। কোনো চিন্তা নেই। যে কদিন আমি থাকব না, উনার বোন, বোনের ছেলেমেয়েরা নিয়মিত দেখাশোনা করবেন। তোর অত ভাবতে হবে না। যা বললাম, কর। জলদি কর। পারলে তো কালকেই আমি উড়ে আসি।”

সব অনুষ্ঠানিকতা সেরে নানু কিন্তু কালকেই উড়তে পারলেন না। না-না করেও বেশ কিছুদিন লেগে গেল জাপান যেতে। নানু যেদিন প্রথম নাতিকে কোলে নিলেন, রাইয়ানের বয়স ঠিক সাত মাস।

নাতি কোলে নিয়ে নানুর মনে হল, ছোট শিশু তো নয়, যেন চাঁদের টুকরো কোলে নিয়ে বসে আছেন।

এত খুশি তিনি আগে কখনও হয়েছেন বলে মনে করতে পারলেন না। কিন্তু বাসা দেখে তার মন খারাপ।

একদিন রাইয়ানের মা সন্ধ্যায় মাকে নিয়ে গেলেন তার এক জাপানি অধ্যাপকের বাসায়। অধ্যাপক বয়সে প্রবীণ। এবং তার স্ত্রীরও যথেষ্ট বয়স। বুড়োবুড়ি থাকেন যে বাড়িতে, তা দেখে রাইয়ানের নানু আরও হতবাক!

এত বড় প্রফেসর, আর তিনি কিনা থাকেন এমন ছোটখাট পায়রার খোপের মতো বাড়িতে!

বাসায় ফেরার পথে রাইয়ানের নানু তার মেয়েকে জিজ্ঞেস করলেন, “তোর প্রফেসর এমন একটা খুপড়ির মতো বাসায় থাকেন কেন? এতই কিপটা মানুষ! বুড়োবুড়ির টাকা খাবে কে?”

শুনে মেয়ে হাসেন। বলেন, “আম্মা, কিপটেমি না। জাপানিদের বাড়িঘর এমনই ছোটখাটো। ওরা খাওয়া-দাওয়া-থাকার ব্যাপারে খুবই মিতব্যয়ী। দেখ না আমাদের বাসাটা? সব বাড়িঘরই এ রকম। আর টয়লেটের সাইজও ছোট। ওরা খুবই সঞ্চয়ী জাতি।”

এরপর মেয়ে তার মাকে শোনান মৃত বুড়োবুড়ির লাশের সৎকার করতে যাওয়া আত্মীয়স্বজনদের পইপই করে লেপ-তোষক-বালিশে ইয়েন খোঁজার গল্প।

শুনে তো রাইয়ানের নানু তাজ্জব! ভাগ্যিস, মেয়েকে তার বাসার সাইজ নিয়ে কোনো কথা বলেননি। শুনলে নিশ্চয়ই মেয়ের মন খারাপ হত।

নানু সারাদিন নাতিকে নিয়ে বাসায় থাকেন। আর মেয়ে-জামাই ঘণ্টায় ঘণ্টায় টেলিফোনে খবর নেন-- নানু-নাতি কেমন আছেন। বাসা থেকে ইউনিভার্সিটি খুব দূরে নয় বলে, ক্লাসের ফাঁকে বাবা-মা যে পারেন, এসে এক নজর বাসার অবস্থা দেখে যান।

ছোট শিশু নানুর আদরে-নির্ভরতায় ভালোই সময় কাটায়।

এমনি করে ঢাকা আর ফুকুওকার মধ্যে নানু তিন বছরে চার বার আসা-যাওয়া করেছেন। নাতিকে সব মিলিয়ে বেশ কিছুদিন কাছেও পেয়েছেন।

এর মধ্যে রাইয়ানের মুখের আধো আধো বুলি ভাঙা ভাঙা শব্দ হয়ে বাক্যেও রূপান্তরিত হল।

নানু তার অনিয়মিত অবস্থানের কারণে রাইয়ানের ধীরে ধীরে বড় হয়ে ওঠাটা পুরোপুরি দেখতে পেলেন না বটে, তবে ইতোমধ্যে নাতির সঙ্গে ভাব বিনিময়ের জন্য খুচরো কিছু জাপানি শব্দ শিখে নিলেন। নাতি খেতে বসে খেতে-না-চেয়ে মুখ ফিরিয়ে নিলে নানু বলেন, “লক্ষ্মী নানা ভাই, সাইগো।”

অর্থাৎ এই শেষ বার। ‘সাইগো’ শুনে নাতি কখনও মুখ খোলে, কখনও মুখ শক্ত করে বলে, “মাতে মাতে।”

মানে না, না।

রাইয়ান এখন সাতের কাছাকাছি। কথা বলে যখন, এত্ত মায়া লাগে। আহারে! এতটুকু কচি বাচ্চা, তিন-তিন ভাষার চাপে কাহিল অবস্থা! ইস্কুলে জাপানি, বাসায় বাংলা, আবার ইংরেজি। ফলে তার ভাষা এখন জগাখিচুড়ি। টেলিফোনে যখন নানুর সঙ্গে কথা বলে, অর্ধেক বোঝা যায়, অর্ধেক যায় না।

নানুকে বলে, “তুমি সাবধানে যাওয়া কর। আমে আর খাজে-র সময় খুব সাবধান।”

আমে মানে বৃষ্টি, আর খাজে মানে বাতাস। অর্থাৎ বৃষ্টি-বাতাসে যেন তার নানু বাইরে গেলে সাবধানে চলাফেরা করেন।

এর মধ্যে রাইয়ানরা ফুকুওকা থেকে টোকিও চলে এসেছে। সাইতামার বাসায় নানু একবার গেছেনও, কয়েক মাস থেকেছেন। কলোনি, মানে দানচির বাসাগুলোরও একই হাল। ওদের জীবনধারা জাপানজুড়ে একই রকম।

বিকেলে নানুকে নিয়ে রাইয়ান যায় বাসার অদূরে পার্কে ওসাম্পো করতে, অর্থাৎ বেড়াতে। বিকেল হলেই রাইয়ান নানুর হাত ধরে বলবে, “নানু ওসাম্পো।”

সন্ধ্যা হওয়ার আগেই নাতিকে নিয়ে বাসায় ফিরে আসেন নানু।

রাইয়ানের নানু এক সময় শিক্ষিকা ছিলেন। বিভিন্ন স্কুলে ছোটদের তিনি পড়িয়েছেন।

জাপানে নাতির স্কুল-বাসা, পার্কে-ঘোরা দেখে, নিজের দেশের শিশুদের শৈশবের কথা ভেবে নানুর খুব দুঃখ হয়।

“হায়, এমন আনন্দময় শৈশব আমাদের শিশুরা কবে পাবে!” নানু ভাবেন।

দেশে ফিরে অন্তত বাসার আশপাশের দরিদ্র শিশুদের জন্য কিছু একটা করবেন, মনে মনে এমন চিন্তা করেন রাইয়ানের নানু।

টেলিফোনে একদিন হঠাৎ করেই ঢাকায় আসার কথা জানালেন রাইয়ানের আম্মা। খবর শুনে রাইয়ানের নানা-নানুর মনে আনন্দের বান ডাকল।

মেয়ে আসবে তার দুই ছেলেকে নিয়ে। রাইয়ানের আব্বা ওদের সঙ্গে এই বারে আসতে পারছেন না। টোকিয়োতে তার অনেক কাজ। সব কাজ কিছুটা হলেও অন্তত গুছিয়ে এনে, পরে আসবেন। টেলিফোনে এমনটাই জানালেন রাইয়ানের আম্মা।

টেলিফোনে রাইয়ানের আম্মা আরও জানালেন, টোকিয়োতে ওদের থাকার পালা শেষ। ঢাকা থেকে ফিরে এসে সপ্তাহ দুয়েক পরেই তারা উড়াল দেবেন কানাডার টরন্টোর উদ্দেশে। ওখানে রাইয়ানের আম্মার নতুন চাকরি হয়েছে। খুব ভালো চাকরি। ভালো বেতন ইত্যাদি সুখবর মাকে টেলিফোনেই শুনিয়ে দিলেন মেয়ে।

মেয়ে আর নাতিদের আনতে এয়ারপোর্টে গেলেন নানা-নানু। প্লেন আসার নির্দিষ্ট সময়ের অনেক আগেই তারা পৌঁছে গেলেন এয়ারপোর্টে। যেন তর সইছিল না দুজনেরই। রাইয়ানের নানা রাশভারী লোক। কথা বলেন কম। বারবার তিনি ঘড়ি দেখছিলেন।

প্রতীক্ষার অবসান হল এক সময়। বিমানবন্দর থেকে মেয়ে-নাতিদের নিয়ে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠলেন তারা। বাসা উত্তরায়। বেশি দূরে নয়, এয়ারপোর্টের কাছেই।

গাড়িতে বসেই নানাভাই মোবাইলে টোকিয়োতে জামাইকে বললেন, “ওরা সবাই ভালোভাবেই পৌঁছে গেছে। আমরা বাসায় ফিরছি। নাও, কথা বল তোমার ছেলের সঙ্গে।”

ছেলের প্রথম বাক্য শুনেই নানা থ! বলে কী নাতি!

ছেলে তার বাবাকে বলছে, “পাপ্পয়, এখানে গাড়ির হর্ন খুব বাজে!”

ছেলের হাত থেকে টেলিফোন নিয়ে তার মা সংক্ষেপে আলাপ শেষ করলেন।

নানা ভাই জিজ্ঞেস করলেন, “রাইয়ান, তুমি নানাভাইয়ের বাড়ির হর্নের কথা কী বললে? কেন, হর্ন দিলে কী হয়! গাড়ি চলবে, হর্ন দেবে না?”

রাইয়ান বলে, “একবার তুমি হর্ন দিলে ‘আরিগাতো’, মানে ধন্যবাদ। দুইবার দিলে তুমি ভুল করেছ।”

তার কথার ব্যাখ্যা দিলেন তার আম্মা। জাপানে ওরা তো হর্ন দেয় না। হাইওয়েতে কেউ যদি গাড়িকে সাইড দিয়ে যেতে সুযোগ করে দেয়, সুযোগ পাওয়া গাড়ি ছোট্ট একটা হর্ন দিয়ে ধন্যবাদ জানিয়ে দেয়। আর একাধিক হর্ন দেয়ার অর্থ হল, কিছু একটা ভুল হয়েছে।

বাসায় ঢুকে নানুর নতুন-কেনা ফ্ল্যাটবাড়ি দেখে রাইয়ান তো রীতিমতো অবাক! মাকে বলল, “মাম্মি, নানু খুব বড় লোক!”

ওদের জাপানের বাসার তুলনায় এই ফ্ল্যাট বাড়ি তো রীতিমতো প্রসাদ। একটা বাথরুমে আবার বাথটাবও আছে। ওটা দেখে তো দারুণ খুশি রাইয়ান। নানুকে বলল, “পুল বানিয়ে গোসল করব।”

উত্তরা থেকে নানুর সঙ্গে রাইয়ান একদিন কোথায় যেন যাচ্ছিল। রাস্তার পাশের রেললাইন ধরে দূর থেকে হর্ন দিয়ে ট্রেন আসছিল। লেভেল ক্রসিংয়ে ওদের গাড়ি দাঁড়াল। রাইয়ানদের সামনে দিয়ে মাটি কাঁপিয়ে ছুটে গেল রেলগাড়ি। খুব মজা পেল রাইয়ান। হাততালি দিয়ে বলতে লাগল, “দেন্শা, দেন্শা। রেল গাড়ি! রেলগাড়ি!”

গাড়ির কাছে অনেক মানুষ। জবুথবু হয়ে বসে আছে। এই দৃশ্য দেশে অবাক রাইয়ান। নানুকে বারবার প্রশ্ন করে-- “ওই মানুষগুলি ওখানে বসে আছে কি করে? দড়ি ধরে আছে? দড়ি দিয়ে ওদেরকে বেঁধে রেখেছে?”

বাংলা-জাপানি-ইংরেজি জগাখিচুড়ি ভাষার শিশুমনের প্রশ্ন বুঝতে নানুকে যথেষ্ট বেগ পেতে হয়। মেয়ে থাকলে অবশ্য তেমন সমস্যা হয় না।

দেখতে দেখতে ওদের ঢাকায় থাকার মেয়াদ ফুরিয়ে গেল। রাইয়ানের আম্মু এসে ওদেরকে নিয়ে ফেরত গেলেন টোকিয়ো। একদিনও বেশি থাকার উপায় নেই। টোকিয়ো থেকে টরন্টো পাড়ি জমাতে হবে যে কয়েক দিনের মধ্যেই!

চোখের পানিতে ভেসে মেয়ে-জামাই-নাতিদের বিদায় জানালেন রাইয়ানের নানু। ওরা আরও দূরে চলে যাচ্ছে। আর কী দেখা হবে ওদের সঙ্গে! জাপান তো তবু ঘরের কাছের দেশ ছিল। কানাডা তো সেই দুনিয়ার শেষ মাথায়!

মেয়ে বলেন, “এসব তুমি একদম ভাববে না আম্মা। আজকাল কোনো দেশই দূর না। জাপানকেও তো তুমি বল কোন মুলুকের দেশ!”

টোকিয়ো যাওয়ার দিন কয়েকের মধ্যে ওখানে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সব কিছু কাঁপতে শুরু করল।

ভূমিকম্প জাপানে নতুন কিছু নয়। কিন্তু এমন তীব্র ধাক্কা আর কাঁপন আর কখনও দেখেননি রাইয়ানের আম্মু। তখন তিনি ছোট ছেলে রাওয়ানকে নিয়ে বাসায় একা। আগের দিন অফিস থেকে আগেভাগেই ফিরেছিলেন। সে কারণে আজ তাড়াতাড়ি অফিস গেছেন। রাইয়ান স্কুলে। ভয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তিনি। আল্লাহ, রক্ষা করো!

পাশের বাসার বয়স্ক ভদ্রমহিলা পড়িমরি করে ছুটে এলেন ওদের বাসায়। চিৎকার দিয়ে বললেন, “শিগগির বাচ্চাকে নিয়ে টেবিলের নিচে ঢুকে পড়। বাচ্চাকে বুকের নিচে নাও।”

ভূমিকম্প শেষে পাশের বাসার মহিলা বললেন, “তোমার তো অভিজ্ঞতা নেই। জানতাম, তুমি বুঝতে পারছিলে না কি ক বে। তবে কী, আমি এতো বছরেও এমন তীব্র জিশিন আর দেখিনি।”

রাইয়ানের আম্মা ছুটে গেলেন বারান্দায়। ওখান থেকে রাইয়ানদের স্কুল দেখা যায়। বারান্দা থেকে দেখলেন, বাচ্চারা সব মাঠে বসে আছে মাথা নিচু করে। সঙ্গে ওদের সেনশিরাও, মানে টিচাররা আছেন। কারও কারও মাথায় হেলমেট ধরনের টুপি।

একটু পরে রাইয়ান স্কুল থেকে ফিরে এল। মুখ কেমন শুকনো, ফ্যাকাসে। কথা বলছে না ঠিকমতো। যে ছেলের মুখে কথার খৈ ফোটে, সেই ছেলেই আজ চুপচাপ।

অনেক পরে বলল, “মাম্মা, জিশিন পচা। খুব ভয় পেয়েছি। মনে হচ্ছিল মরে যাব। সেনসিরা আমার মাথায় একটা টুপি পরিয়ে দেন। আমরা সব মাঠে বসে ছিলাম। আমি খুব কান্না করেছি।”

মা ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। আহারে! ছোলেটা কী ভয়ই না পেয়েছে।

ছোটো ছেলেটা কিছু বোঝে না। তার ভয়ও নেই, কষ্টও নেই।

অফিস থেকে ফিরে এলেন রাইয়ানের আব্বা। এসেই বললেন, “সব কিছু বন্ধ। গাড়ি-ঘোড়া ট্রেন-বাস কিছুই চলছে না। একজন জাপানি বন্ধুর সাইকেল নিয়ে এসেছি।”

রাইয়ানদের স্কুল বন্ধ হয়ে গেছে। রাইয়ান বাসায় একা একা বসে থাকে। চুপচাপ।

এইটুকু শিশু? আহারে, মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা বদলে গেল।

রাইয়ানদের কানাডা যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, “কীভাবে যাব ভেবেছিলাম, আর যেতে হচ্ছে কীভাবে! যেতে মন চাইছে না। জাপানি বন্ধুবান্ধব-সহকর্মীদের রেখে যেতে একদম মন চাচ্ছে না। কী জানি, ওরা কী ভাববে! বিপদের দিনে ওদের পাশে না থেকে, এভাবে চলে যেতে একদম সায় পাচ্ছি না মন থেকে।

রাইয়ানের আম্মার মনেরও একই অবস্থা।

আর রাইয়ান!

রাইয়ান হঠাৎ করেই চিৎকার করে বলে উঠে, “পাপ্পা, জিশিন পচা। আমাদের হিকোকি যদি ভেঙ্গে ফেলে।”

বাবা বলেন, “না বাবা। ভূমিকম্পে প্লেন ভাঙবে না।”

রাইয়ান তখন বলে, “পাপ্পা, আমার বন্ধুদের রেখে যেতে চাই না। আমার জাপানের তোমোদাচিদের সঙ্গে আর খেলা করতে পারব না। পাপ্পা, মাম্মি! সাইগো। শেষবার ওদের সঙ্গে খেলতে চাই।”

রাইয়ানের এই কান্নাভরা প্রশ্নের কী জবাব দেবেন তার আব্বা-আম্মা!

ওদের চোখ পানিতে ভরে ওঠে।