রূপোর সিকি চাঁদ
রূপোর সিকি ঝিকিমিকি
এক যে ছিল চাঁদ
হাতে হাতে চলা ফেরা
তার ছিল অবাধ।
অরূপ রূপের চাঁদকে সবাই
করতো চুমোচুমি।
কল্পলোকে ঘুরতে যেত
চাঁদের মরুভূমি।
জোছনা জলে কাটতো সাঁতার
স্বপ্নপাখা মেলে।
চাঁদের দেশটা আসতো ঘুরে
একটু সুযোগ পেলে।
সে চাঁদটি থাকে এখন
যোজন যোজন দূর,
মনের কাঁচে নেই ছায়া তার
তেমন সুমধুর।
ঝিকিমিকি জোছনা ঢেলে
আজো সে চাঁদ ডাকে,
জলতরঙ্গে রূপের ঝলক
ছড়ায় নদীর বাঁকে।
জেগে থেকে একা,
কষ্ট নিয়ে ঘরে ফেরে
হায় কি ভাগ্যলেখা!
ইটপাথর আর যন্ত্রে মানুষ
পড়ছে বাঁধা যতো,
হারিয়ে যাচ্ছে চাঁদও ততো
রূপোর সিকির মতো।
