আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঘটনা তেমন কিছুই না। স্রেফ পানি পান করতে নালার একটু বেশি নিচে নেমে গিয়েছিলো একটি শুকর। নিজের শরীরের ভার সইতে না পেরে পা পিছলে পড়ে যায় কর্দমাক্ত নালায়। শুকর মালিক সঙ্গে সঙ্গে খবর দেয় উদ্ধারকারী দলকে। ব্যাপক পরিশ্রমের পর তাকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে এ ঘটনা ঘটেছে।
দেখতে ছোটখাট হলে কি হবে পূর্ণবয়স্ক একটি শুকরের ওজন কিন্তু কম না। তাকে কাদা থেকে টেনে তুলতে মোটামুটি ঘাম ছুটে গিয়েছে উদ্ধারকর্মীদের। রুরাল সেফটি অফিসার জিম গ্রিন জানান, "আমরা যখন খবর পেলাম পাঁচ বছর বয়স্ক একটি শুকর কাদায় আটকা পড়েছে সঙ্গে সঙ্গেই আমরা সেখানে ছুটে যাই। গিয়ে দেখি বেচারা কাদার মধ্যে পড়ে হাসফাস করছে। আমাদের প্রথম কর্তব্য ছিলো তাকে সেখান থেকে টেনে তোলা। সেটা করতে গিয়ে প্রথমেই আমরা তার চারপাশে একটা গর্ত খুড়ি। সেটাও খুব সহজ একটা কাজ ছিলো না। বেশ পরিশ্রমের পর সেটা করতে আমরা সমর্থ হই।"
গর্ত থেকে তোলার পর শুকরটাকে প্রথমেই পরিস্কার পানি দিয়ে একটা লম্বা গোসল দেওয়া হয়।
শুকর উদ্ধারের এই ঘটনা ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮১৫ ঘ.
bdnews24