আগস্ট ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমরা যারা হ্যারি পটারের ভক্ত তারা নিশ্চয় চাও তোমার মাতৃভাষাতেই সিরিজের বইগুলো পড়তে। এতে বই পড়ার মজাটাও বেড়ে যায় অনেক। কিন্তু এই কাজটি করতে গিয়েই বিপদে পড়েছে ফ্রান্সের এক কিশোর।
১৬ বছর বয়সের এই কিশোরের অপরাধ সে হ্যারি পটারের নতুন বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' বইটি পুরোটা তার মাতৃভাষায় অনুবাদ করেছে। শুধু তাই নয় সেটা যাতে সবাই পড়তে পারে সেজন্য অনুবাদটি ইন্টারনেটে প্রকাশ করে দিয়েছে।
২১ জুলাই হ্যারি পটার সিরিজের নতুন বইটি প্রকাশিত হয়েছে। এর মধ্যে পুরো ৭৫৯ পৃষ্ঠা অনুবাদ করা কি চাট্টিখানি কথা! কিন্তু তারপরও ছেলেটি সেই দুঃসাহস দেখিয়েছিলো, আর তাই এখন তাকে পস্তাতে হচ্ছে।
সমস্যাটা কোথায় জানো? আসলে কোন বই অন্য ভাষায় অনুবাদ করতে করতে চাইলে বা প্রকাশ করতে চাইলে সেই বইয়ের লেখক বা প্রকাশকের অনুমতি নিতে হয় প্রথমেই। কিন্তু ফ্রান্সের ওই কিশোর ইন্টারনেটে বইটি প্রকাশ করেছে লেখকের বা প্রকাশকের কোন অনুমতি না নিয়ে। তাই সেটা বেআইনি একটা কাজ। যাকে বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন ভাঙ্গা। তাই এই অপরাধে কিশোরটিকে শাস্তি ভোগ করতে হচ্ছে।
কিন্তু কিশোরটির এই দুঃসাহসিক কাজে লেখিকা, প্রকাশক বা লেখিকার আইনজীবি কেউই খুশি না হলেও অনেকেই কিন্তু বেশ খুশি। এই যেমন পটার ভক্ত ১৭ বছর বয়সের কেটি ডু এর কথাই ধরো। এক সাক্ষাৎকারে এই ক্ষুদে পাঠক বলেছে, "হ্যারি পটারের ফরাসি অনুবাদের জন্য তিন মাসে অপেক্ষা করা আসলে খুব বেশী সময় হয়ে যায়।"
সে আরো জানিয়েছে, "এটা আসলেই একটা সাহসী কাজ বলে আমি মনে করি। তবে তারপরও আমি বৈধ অনুবাদের জন্য অপেক্ষা করবো, কারন ওর বয়স তো মাত্র ১৬।"
এদিকে যে কিশোরকে নিয়ে এতো তোলপাড় তার নাম কিন্তু এখনো জানা যায়নি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২১৫০ ঘ.
bdnews24