ঢাকা, আগষ্ট ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমাদের সবার মধ্যেই কম বেশী অনেক সৃজনশীল গুণ রয়েছে। কেউ সেটাকে সবার সামনে প্রকাশ করো আর কেউ সেটাকে লুকিয়ে রাখো নিজের মধ্যেই। কেউ যাতে তার সৃজনশীল গুণ নিজের মধ্যে লুকিয়ে রেখে সবাইকে বঞ্চিত না করতে পারে সেজন্য ব্রিটিশ কাউন্সিল প্রতিবারের মতো এবারো আয়োজন করেছিল 'ইয়ং লার্নার্স সেন্টার কালচারাল ডে- ২০০৭'। রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল এই ভিন্নধর্মী আয়োজনটি।
কেউ গান, কেউ ছড়া আর গানের তালে তালে নেচে উঠে পুরো অনুষ্ঠানটি মাতিয়ে রেখেছিলো তোমাদের মতো ২৫০ জন বন্ধু।
আলিশার গাওয়া 'সুর্যোদয়ে তুমি সুর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ' গান দিয়েই মুলত অনুষ্ঠান শুরু হয়। এরপর গান গায় তাসলিম আর লুবাবা।
তবে ইউক্রেনের বাসিন্দা, মাস্টার মাইন্ড স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী অ্যানার গান ভরিয়ে দেয় সবার মন। কারণ ওর বাড়ী ইউক্রেন হলে কি হবে ও গান গেয়েছিলো পুরোপুরি শুদ্ধ বাংলায়। গানটা কি জানো? 'ও আমার বাংলা মা...।'
এ্যানা জানালো, ইউক্রেন ওর দেশ হলেও সে বাংলাদেশকে খুব ভালোবাসে। কারণ, বাংলদেশে সুন্দর সুন্দর গাছ আর নদী আছে। এখানকার গান, নাচ আর মানুষগুলোকেও তার খুব পছন্দের।
এদিকে মোমের আদলে সেজে আসা মেয়ে সামিয়া 'মোমের পুতল মোমের দেশের মেয়ে' গানের সাথে নেচে সবাইকে একবার মোমের দেশ থেকে ঘুরিয়ে আনলো।
অনুষ্ঠানে ছড়ার ঝাপি খুলে বসে বর্ষা, স্বাধীন, গালিবসহ আরো অনেকে।
সত্যি বলতে কি এত কিছুর পরও সবাই অপেক্ষা করছিলো অন্য কিছুর জন্য। সেটা হচ্ছে সিসিমপুর এর প্রদর্শনী। সবার প্রিয় সিসিমপুর শুরু হতেই সবাই খুব খুশী। সানিডেল স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র, অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক জাইয়ান আলামিন জানালো, "সিসিমপুর তার খুব ভালো লাগে। তবে এখানে যতটা ভালো হবে আশা করেছিলাম ততটা ভালো আমরা করতে পারিনি।"
কিন্তু গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস থ্রির ছাত্র ইউসুফ আলী রোজা কিন্তু তার সঙ্গে একমত নয়। সে জানালো, "এই অনুষ্ঠান তার খুব ভালো লাগছে এবং অনুষ্ঠানটি তার ধারণার চেয়েও ভালো হয়েছে।"
তবে বাসাবো ফান্স এসোসিয়েশন স্কুলের ক্লাশ টু এর ছাত্রী শারমীন রেহেনা জানালো,"অনুষ্ঠানটা তার কেমন লাগছে সে বুঝতে পারছে না।" কিন্তু এ্যানার গান তার খুব ভালো লেগেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. ইব্রাহীম। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে তোমাদের বন্ধু আনিকা ও সোলন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১১১৪ ঘ.
bdnews24