জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- টানটান উত্তেজনা। এটাই হ্যারি পটারের শেষ বই। কি রহস্য করবেন এবার জেকে রাউলিং! মরে যাবে প্রিয় পটার? তার বন্ধুরা? সেরকম ইঙ্গিতই তো দিয়েছিলেন লেখিকা। হ্যারির শেষ অভিযানটা সে অর্থে বলা চলে রহস্যময়তায় ভরপুর, রোমহর্ষতার তুলি বোলাতে কোনো কার্পণ্য করেননি রাউলিং। "হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ"-- সিরিজের সাতটি বইয়ের মধ্যে সবচেয়ে তৃপ্তি জাগানিয়া সন্দেহ নেই কোনো। প্রথম পাতার প্রথম লাইন থেকে শুরু, গল্পের পরতে পরতে উত্তেজনা। আর তার রেশ থেকে গেছে শেষ শব্দটি পর্যন্তই। কিশোর জাদুকরের ঐন্দ্রজালিক জীবনের যতি টেনেছেন লেখিকা, সে এক অসাধারণ উপায়েই।
সিরিজের ষষ্ঠ বই 'হ্যারি পটার অ্যান্ড দি হাফ ব্লাড প্রিন্স' নিয়ে পাঠকদের অনুযোগ ছিল। হ্যারিকে সেরকমভাবে পাওয়া যায়নি, অ্যাকশনেও ঘাটতি ছিল বেশ। একই সঙ্গে এটাও ছিল পরিষ্কার, সেটি ছিল আসলে সফল এক শেষের জন্য মঞ্চ তৈরি করা। জমজমাট এক গল্পের প্রাথমিক বুনট।
সে অভিযোগের জো নেই এবার। শুরু থেকেই তুমুল গতিতে এগিয়ে চলেছে গল্প। পাঠক পৌঁছে যায় আরো আঁধার জগতে--- সিরিজে আগের কোনো বইয়ে যার দেখা মেলেনি। হেড মাস্টার আলবাস ডাম্বলডোরের মৃত্যুর পর হ্যারি তার বন্ধু রন ও হারমিওনকে নিয়ে বেরোয় এক অভিযানে। প্রিয় মুখ ও পরিচিত জায়গা সব পেছনে ফেলে নতুন কিছুর সন্ধানে।
এবং ঠিক নতুনও নয়। হ্যারির জাতশত্র" লর্ড ভল্ডেমর্ট ছায়ার মতো সঙ্গী তার। এমন কোনো জায়গা নেই তার অগম্য। সবখানেই তার অশুভ শক্তির কালো হাত পৌঁছে যায়। এমনই এক বিপজ্জনক যাত্রায় সঙ্গী তিন বন্ধু, কোনো জায়গা, কোনো উৎসবও তাদের জন্য নিরাপদ নয়। অভিযানে অপ্রত্যাশিতভাবে কিছু জায়গায় নিয়ে যান তাদের লেখিকা। তাদের সঙ্গে দেখা করান প্রচুর চরিত্রের। এদের কেউ আগের বইগুলোতে স্রেফ উদাহরণ হিসেবেই এসেছিল, কেউবা খুবই পরিচিত। আগের শত্র"রাও আছে। একজন তো হ্যারির সখা হয়ে গেলো, আরেকজন আরো বেশী শত্র"তা দেখালো।
অভিযানের মূলে রয়েছে হরক্রাক্স--- লর্ড ভল্ডেমর্টের প্রাণভোমরা। নিজের আত্মাকে টুকরো টুকরো করে অনেকগুলো আধারে এদিক ওদিক ছড়িয়ে রেখেছিল সে। এগুলো থাকা মানে সে অমর, তাকে হত্যা করতে পারবে না কেউ। যুক্তরাজ্যের নানা জায়গায় চলল অভিযান, প্রতিটি টুকরো খুঁজে বের করে জোড়া দিতে মরিয়া হ্যারি ও তার বন্ধুরা। আগের অনেক রহস্যের সমাধান হয়। সবমিলিয়ে শেষ মেষ ভল্ডেমর্টের সঙ্গে হ্যারির দ্বৈরথ। অনেক আগে থেকেই হ্যারিকে শেষ করে দিতে মরিয়া ছিল এই শয়তান জাদুকর।
প্রথম বই দিয়েই পাঠকদের মন জয় করে নিয়েছিলেন রাউলিং। এ বই পড়ে তারা কেউ তাকে ছেড়ে যাবেন না। জমাট বুননে লেখা অসাধারণ এই কল্পগাথা পড়ে তার ভক্তরা আরো মাথা নোয়াবে। হাস্যরস, বীর্য্য, শোক, আতঙ্ক, মানবীয় সংকীর্ণতায় ঋদ্ধ তার প্রতিটি চরিত্র। কোনো কোনো অধ্যায় পাঠককে হো হো করে হাসাবে, একইভাবে চোখের জলে ভাসাবে কোনো কোনোটা।
বলে নেয়া ভালো, এ বইয়ের চরিত্র যে হ্যারি, সে মোটেই ১১ বছরের কিশোর নয়। সে রীতিমতো তরুণ, যে দায়বদ্ধতার কারণে বিশাল বোঝা বইছে। রাউলিং বলেছিলেন তার চরিত্রদের মেরে ফেলবেন। মিথ্যে বলেননি। বেদনা আর মৃত্যু এই বইয়ে হ্যারির নিত্যসঙ্গী। কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে গেছে কেউ। এবং শোকের আবহ তৈরি করে নৃশংসভাবে মৃত্যু এসেছে এমনও নয়। হ্যারির সঙ্গে মৃত্যু ঘটেছে অনেকের।
পরিচিত অনেক চরিত্রই অচেনা ঠেকবে পাঠকের। অবাক করে দিয়ে কেউ বড় হয়ে গেছে, কারো বা অতীত এমনই জটিলতায় ভরপুর যে কল্পনায়ও কুলোবে না। কারো জীবনই সরল সোজা নয়, মোটের ওপর বেশিরভাগ চরিত্রই প্রমাণ করে যে মানুষের অভিসন্ধি নিয়ে আগাম অনুমান কখনোই সত্যি হয় না।
প্রিয় ভক্তদের নিরাশ করেননি রাউলিং। আগের বইগুলোয় অনেকগুলো ফোকড় সযতে
bdnews24