২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং বৃত্তান্ত

ঘটনাটা বেশ মজারই বটে। প্রথম বই 'ফিলসফারস স্টোন' প্রকাশের আগে ব্লুমসবারির প্রধান বেশ সংশয়ের মধ্যেই ছিলেন লেখিকার নাম নিয়ে। মহিলা লেখকের অ্যাডভেঞ্চার কাহিনী কি আর পাঠকরা সেভাবে নেবে? তাই তিনি জোয়ান রাউলিংকে অনুরোধ করলেন নামের প্রথম অংশটুকু পুরোটা ব্যবহার না করে জে রাউলিং দিতে, সবচেয়ে ভালো হয় যদি রাউলিং এর সামনে দুই অক্ষরের একটি ইনিশিয়াল ব্যবহার করা যায়। রাউলিং পরলেন বিপদে। জোয়ান ছাড়া যে তার নামের সামনে আর কিছুই নেই। তাই নামের জন্য পূর্ব পূরুষদের দ্বারস্থ হলেন তিনি। দাদী ক্যাথলিন অ্যাডা বুলজেন রাউলিং থেকে ক্যাথলিন অংশটুকু ধার নিয়ে বসিয়ে দিলেন নিজের নামের মাঝখানে। তিনি হয়ে উঠলেন জেকে রাউলিং অর্থাৎ জোয়ান ক্যাথলিন রাউলিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জুলাই ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- ঘটনাটা বেশ মজারই বটে। প্রথম বই 'ফিলসফারস স্টোন' প্রকাশের আগে ব্লুমসবারির প্রধান বেশ সংশয়ের মধ্যেই ছিলেন লেখিকার নাম নিয়ে। মহিলা লেখকের অ্যাডভেঞ্চার কাহিনী কি আর পাঠকরা সেভাবে নেবে? তাই তিনি জোয়ান রাউলিংকে অনুরোধ করলেন নামের প্রথম অংশটুকু পুরোটা ব্যবহার না করে জে রাউলিং দিতে, সবচেয়ে ভালো হয় যদি রাউলিং এর সামনে দুই অক্ষরের একটি ইনিশিয়াল ব্যবহার করা যায়। রাউলিং পরলেন বিপদে। জোয়ান ছাড়া যে তার নামের সামনে আর কিছুই নেই। তাই নামের জন্য পূর্ব পূরুষদের দ্বারস্থ হলেন তিনি। দাদী ক্যাথলিন অ্যাডা বুলজেন রাউলিং থেকে ক্যাথলিন অংশটুকু ধার নিয়ে বসিয়ে দিলেন নিজের নামের মাঝখানে। তিনি হয়ে উঠলেন জেকে রাউলিং অর্থাৎ জোয়ান ক্যাথলিন রাউলিং। তবে বইয়ে ব্যবহৃত হলেও ক্যাথলিন অংশটুকু এখনো কাগজে কলমে তার নামের অংশ হয়ে উঠতে পারেনি। আর রাউলিং নিজেকে 'জো' বলে পরিচয় দিতেই বেশী পছন্দ করেন এবং সেই সঙ্গে জানান, আমি যখন ছোট ছিলাম তখন কেউ আমাকে জোয়ান বলে ডাকতো না। তবে খুব বেশী রেগে গেলে কেউ কেউ সে নামেও ডাকতো। জো'র জন্ম ১৯৬৫ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের সাউথ গ্লসটারশায়ারের ইয়টে। বাবার নাম পিটার জেমস রাউলিং এবং মা অ্যানি ভোলান্ট। রাউলিংয়ের বয়স যখন মাত্র চার বছর তখন পরিবারসুদ্ধ চলে যান উইন্টারবর্নে। সেখানে রাউলিং সেন্ট মাইকেল'স প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেই ছোটবেলা থেকেই রাউলিংয়ের ঝোক ছিলো গল্পের প্রতি। নিজেই নানান সব আজগুবি কাহিনী নিয়ে গল্প লিখতেন। তারপর সেগুলো মহা উৎসাহে পড়ে শোনাতেন বোন ডায়নাকে। 'র‌্যাবিট' নামের এক গল্পে তিনি ডায়নাকে খরগোশের গর্তে ঢুকিয়ে দেন এবং তাকে সেখানে খরগোশ পরিবারের সঙ্গে স্ট্রবেরি পান করতে দেখা যায়। স্কুলের গন্ডি পেরিয়ে রাউলিং ভর্তি হন ইউনিভার্সিটি অফ এক্সটার এ। সেখানে প্রথমে খুব বাজে সময় কাটলেও পরবর্তী সময়ে কয়েকজন বন্ধু বান্ধবের সাক্ষাৎ বিশ্ববিদ্যালয় জীবন তার আনন্দময় হয়ে ওঠে। তারপর তিনি ফ্রেঞ্চ এবং চিরায়ত সাহিত্য বিষয়ে পড়াশোনার জন্য ফ্রান্সে যান। সেখান থেকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক এবং দোভাষী সেক্রেটারি হিসাবে যোগ দিতে চলে যান লন্ডন। লন্ডনে থাকা অবস্থাতেই এমন একটি অ্যাডভেঞ্চার গল্পের প্লট মাথায় আসে তার। ঘটনাটা যেদিনের সেদিন ম্যানচেস্টার থেকে লন্ডনগামী ট্রেন চার ঘন্টা দেরী করে। এই সময়টাতে রাউলিং চিন্তা করেন বাচ্চা একটা ছেলে যদি জাদু শেখার স্কুলে ভর্তি হয় তাহলে কেমন হয়। তিনি আর দেরী করলেন না। ট্রেন স্টেশনে পৌঁছা মাত্রই তিনি চলে যান তার ক্ল্যাপহ্যাম জাংসনের ফ্লাটে এবং লিখতে শুরু করেন পটারের জাদুর ভূবন। ১৯৯৪ সালের ডিসেম্বরে তিনি পটারের প্রথম বইটি লিখে শেষ করেন। সেসময় রাউলিং এবং তার মেয়ে বেশীরভাগ সময়ই কাটাতেন স্কটল্যান্ডে। টাকা পয়সার বেশ একটা টানাটানিও যাচ্ছিল তার। বইটির বেশীরভাগ অংশই তিনি লিখেছেন বিভিন্ন ক্যাফেটরিয়ায় বসে। এলিফ্যান্ট হাউস ক্যাফে ও নিকলসন'স ক্যাফে তার অন্যতম। ১৯৯৫ সাল নাগাদ বইটির চূড়ান্ত পান্ডুলিপি তিনি তৈরি করেন। তার আর্থিক অবস্থা তখন এতই খারাপ ছিলো যে তিনি তা লিখেছিলেন পুরোনো একটা ম্যানুয়াল টাইপরাইটারে। লিখে না হয় শেষ করলেন। এবার সেটা সবার পড়ার জন্য প্রকাশের ব্যবস্থা তো করতে হবে। তিনি দৌঁড়ালেন প্রকাশকদের কাছে। এক বছরে একে একে ১২জন প্রকাশক তাকে নিরাশ করলেন। অবশেষে 'ব্লুমসবারি' নামে ছোট্ট একটি প্রকাশনা সংস্থা এগিয়ে এলো 'হ্যারি পটার অ্যান্ড দি ফিলসফারস স্টোন' প্রকাশের ব্যাপারে। সম্পাদক ব্যারি কানিংহ্যাম তার হাতে ধরিয়ে দিলেন ১৫০০ পাউন্ডের একটি চেক। কানিংহ্যাম কেন সেটি প্রকাশ করতে রাজি হয়েছিলেন সেই জানা যায় পরে। তিনি তার আট বছর বয়সী মেয়েকে বইটির প্রথম অনুচ্ছেদ পড়তে দিয়ে তার মতামত জানতে চেয়েছিলেন। মেয়ে তার পরদিনই দ্বিতীয় অনুচ্ছেদের জন্য জুড়ে দেয় কান্না। কয়েকমাস পরের ঘটনা। আমেরিকায় প্রকাশের জন্য বইটির স্বত্ত্ব কিনে নেয় স্কলাস্টিক প্রকাশনা প্রতিষ্ঠান। এর বিনিময়ে তারা রাউলিংকে এক লক্ষ ডলার দেয়। এত টাকা পেয়ে রাউলিং হতভম্ব হয়ে যান। 'ফিলোসফারস স্টোন' নামটা পছন্দ না হওয়ায় স্কলাস্টিক 'সরসরার্স স্টোন' নামে আমেরিকার বাজারে প্রকাশ করে। সেখান থেকেই শুরু হয় পটারের জয়যাত্রা। একমাসের ভেতরই বইটি নেসলে স্মার্টস পুরস্কার পেয়ে হইচই ফেলে দেয়। তারপর একে একে আসতে থাকে নানান পুরস্কার। তার ভেতর সবচেয়ে সম্মানজনক পুরস্কারটা ছিলো 'ব্রিটিশ বুক অ্যাওয়ার্ড ফর চিলড্রেন্স বুক অব দি ইয়ার'। পটার সিরিজের পরের দুটি বইও রাউলিংকে এনে দেয় নেসলে স্মার্টজ পুরস্কার এবং প্রথম লেখক হিসাবে তিনি পরপর তিনবার এই পুরস্কার পান। হ্যারি পটার সিরিজের ৬টি বই এরমধ্যে প্রায় ৩২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। সর্বশেষ তিনটি বই গড়েছে সবচেয়ে দ্রুত বই বিক্রির রেকর্ড। পটারকে নিয়ে তৈরী চলচ্চিত্রও গড়েছে নতুন নতুন রেকর্ড। ২০০৬ সালের ২১ ডিসেম্বর রাউলিং ঘোষণা দিয়েছিলেন আর একটি বই লিখেই তিনি পটার সিরিজের সমাপ্তি টানবেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি তিনি বইটি লিখে শেষ করেন। শনিবার আসছে সেই শেষ বইটি। তবে পটার সিরিজ শেষ হয়ে গেলেও রাউলিং কিন্তু কখনো বলেননি যে তিনি আরেকটি নতুন সিরিজ লেখার কাজে হাত দিবেন না। অচিরেই তার একটি ছোট গল্পের বই এবং নতুন সিরিজ বাজারে আসবে বলে জানা গেছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ ১৭১০ঘ.