জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- না, বইটি হাতে নেওয়ার জন্য এখনো পটার ভক্তরা লাইনে দাড়ায়নি, লম্বা লাইনে মুখরিত হয়ে ওঠেনি পুস্তকালয়ের প্রাঙ্গন। সেটা হয়ে উঠতে হয়তবা আরো কয়েক ঘন্টা সময় লাগবে। তবে 'ডেথলি হ্যালোজ' এর জন্য লম্বা লাইন পড়েছে এটাও সত্যি। এই লাইন পটার ভক্তরা দেননি, দিয়েছেন বিভিন্ন বইয়ের দোকানের মালিকরা। তারা ভিড় জমাচ্ছেন সুপারমার্কেটগুলোয় যেখানে বিরাট মূল্যহ্রাসে বিক্রি করা হচ্ছে বইটি, এমনকি পাইকারি দামের চেয়েও অনেক কম মূল্যে। খবর একটি বৃটিশ ওয়েবসাইটের।
আসলেই অনেক কম দামে বইটি বিক্রির উদ্যোগ নিয়েছে বড় বড় সুপার শপগুলো। তারা বিক্রেতাদের কাছে বইটির দাম রাখছে ৭.৯৯ পাউন্ড যেখানে প্রকাশকদের পক্ষ থেকে খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭.৯৯ পাউন্ড এবং পাইকারী মূল্য ধরা হয়েছে ৯.৮৯ পাউন্ড।
সুপারমার্কেট চেইন অ্যাসডা এবং টেসকো ৮.৮৭ পাউন্ডে বই বিক্রির বিজ্ঞাপন প্রচার করছে প্রতিদিন। লন্ডনের দি টাইমস পত্রিকা মন্তব্য করেছে, এ দ্বারা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ক্রেতাদের আকৃষ্ট করতে বেশীরভাগ সুপারশপই আর্থিক ক্ষতি স্বীকার করে বইটি বিক্রি করছে।
"হ্যারি পটারের জাদুতে সবাই আসলে উন্মাদ হয়ে গেছে। বই পরিবেশনার মাধ্যমে অর্থ উপার্জনে তাদের মনোযোগ নেই। আমাজন, টেসকো উল্টো আর্থিক ক্ষতি স্বীকার করছে এতে।" দি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে পেইন্টনের টরবে বুকশপের ম্যাথিউ ক্লার্ক।
স্থানীয় খুচরা বই বিক্রেতাদের ওয়েবসাইট লোকালবুকশপডটকোডটইউকে জানায়, তাদের সদস্যদের একটা বড় অংশ পাইকারী বিক্রেতা ও সরাসরি প্রকাশকদের কাছ থেকে বই না কিনে প্রয়োজনেরও বেশী বই কিনছে ওই সব সুপারশপ থেকে। এর একটাই কারণ, ওখানে সস্তায় পাওয়া যাচ্ছে বই।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই আর্থিক ক্ষতি নিছকই পাগলামী। কিন্তু আসলে তা নয়, হ্যারি পটারের জনপ্রিয়তাকেই পুঁজি করছে সুপারশপগুলো। বিজ্ঞাপন বাবদ যে টাকা খরচ হতো সেটা লসে হ্যারি পটার বিক্রি করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফাটাচ্ছে তারা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/ এমআইআর/ ২১০০ ঘ.
bdnews24