২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের ৩ দিনে ঢাকার বাইরেই ৭৬% রোগী ভর্তি

এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩০ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 04:37 PM

Updated : 14 Oct 2023, 04:37 PM

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ার মধ্যে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। চলতি মাসের প্রথম তিন দিনেই মশাবাহিত এ রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ; যাদের তিন চতুর্থাংশই ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে দেশে ২৭৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তা নিয়ে অক্টোবরের প্রথম তিন দিনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৭৭ জন। এরমধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৩৫৯ জন, যা মোট ভর্তি রোগীর ৭৬ দশমিক ৪৩ শতাংশ। এ সময় ঢাকায় ১৯১৮ জন রোগী ভর্তি হয়েছেন, যা মোট রোগীর ২৩ দশমিক ৩৪ শতাংশ।

তবে এইডিস মশাবাহিত এ রোগে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ১৩ জনসহ গত তিন দিনে মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ২৩ জন এবং ঢাকার বাইরে ১৮ জন।

অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। এসময়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩০ জনের। ভর্তি ও মৃত্যু উভয় সংখ্যা বিবেচনায় তা সর্বোচ্চ।

মঙ্গলবার পর্যন্ত সারাদেশে যত রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে ঢাকায় ৮১ হাজার ৫৩৮ জন এবং ঢাকার বাইরর বিভিন্ন জেলায় ১ লাখ ১৯ হাজার ৯১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২৯৪০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬২৫৮ জন।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid0gm6gGnJKSuFeBWjoxnVjXi5YgiLqbUhP73UAVgkCc7mksLK4suAxsBKyVvbq28XNl