২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৮ জন

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 07:58 PM

Updated : 19 Jan 2024, 07:58 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮ জন; এ সময়ে মশাবাহিত এ রোগে কারো মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যারা হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ৫ জন ঢাকা মহানগরের, বাকিরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। 

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন। 

সব মিলিয়ে এ বছরের প্রথম ১৯ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন, যাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৬ জন ঢাকায় এবং ৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 

গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে। 

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।