২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে ৯ রোগী হাসপাতালে

এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪৬ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2024, 08:07 PM

Updated : 17 Mar 2024, 08:07 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯ জন; এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের ১ জন ঢাকা মহানগরের, বাকি ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। 

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪৬ জনে, তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।  

এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

মার্চের ১৭ দিনে আক্রান্ত হয়েছেন ১৫২ জন; এ মাসে তিনজনের মৃত্যু হয়েছে।  

রোববার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬১ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৩ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৮।  

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।