২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

তীব্র গরম: স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পরামর্শ

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে মঙ্গলবার ঢাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তীব্র গরম: স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পরামর্শ

বাইরে কড়া রোদ, সেই সঙ্গে গরম; গাছের ছায়ায় ভরদুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুমাচ্ছেন কয়েকজন ছিন্নমূল মানুষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 06:58 PM

Updated : 23 Apr 2024, 07:20 PM

তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে চারটি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, হিটস্ট্রোক থেকে বাঁচতে তীব্র গরম থেকে দূরে থাকতে হবে, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিতে হবে।

শরীরের পানিশুন্যতা পূরণ করতে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে হেপাটাইটিস এ, ই, ডায়রিয়াসহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে দিনে একাধিকবার গোসল করতে হবে।

গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গরম আবহাওয়ায় ঘাম বন্ধ হয়ে যাওয়া, বমি বমি ভাব, তীব্র মাথাব্যথা, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

এপ্রিলের মাঝামাঝি থেকে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দেশের বেশির ভাগ এলাকায় কয়েক দিন ধরেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরো কয়েক দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে মঙ্গলবার ঢাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার গুলিস্তানের রাস্তায় হাঁটার সময় প্রচণ্ড গরমে রাস্তায় ঢলে পড়েন এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। ওই ব্যক্তি হিটস্ট্রোকে মারা যেতে পারেন ধারণা পুলিশের।

এর আগে শনিবার হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। রোববার মেহেরপুরে গৃহবধূ, সিলেটে রিকশাচালক ও নরসিংদীতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। সোমবার ঢাকার সড়কে অচেতন হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়। হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা।