ডেঙ্গু আক্রান্ত আরও ৩৩ জন হাসপাতালে ভর্তি
সবমিলিয়ে এ বছরের প্রথম পাঁচদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন।
দেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন; এ সময়ে রোগটিতে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১৭ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ১৬।
সবমিলিয়ে এ বছরের প্রথম পাঁচদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১১৫ জন, বাকি ২০৮ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে।
নতুন বছরের প্রথম পাঁচদিনের মধ্যে ৩ জনের প্রাণ কেড়েছে এইডিস মশাবাহিত রোগটি।
শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪৫১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২২১ জন ঢাকায় এবং ২৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।
এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
