১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোশাল মিডিয়ায় সেন্ট্রাল হাসপাতালের ডাক্তারদের প্রচারে মানা

নিজে কিংবা তার নিয়োজিত কোনো ব্যক্তি এ ধরনের কার্যকলাপে অংশ নিলে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 08:34 PM

Updated : 18 Jun 2023, 08:53 PM

চিকিৎসকদের পসার বাড়ানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ‘প্রচার চালানোর’ ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

এক নবজাতক এবং তার মায়ের মৃত্যুর ঘটনায় আলোচনার মধ্যে রোববার হাসপাতালের পরিচালক ডা. এম এ বি সিদ্দিকের সই করা এক নোটিসে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিসে বলা হয়, “হাসপাতালের সব বিশেষজ্ঞ চিকিৎসককে নিজেদের প্র্যাকটিস বাড়ানোর জন্য ফেইসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস পোস্ট করে রোগী বা অভিভাবকদের আকর্ষণ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল।”

কোনো চিকিৎসক বা তার নিয়োজিত কোনো ব্যক্তি এ ধরনের কার্যকলাপ করলে ওই বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষ ‘ব্যবস্থা নিতে বাধ্য হবে’ বলে সতর্ক করা হয়েছে নোটিসে।

অস্ত্রোপচার ছাড়া সন্তান জন্ম দিতে নিজের ইচ্ছের কথা স্বামীকে জানিয়েছিলেন কুমিল্লার তিতাস উপজেলার মাহবুবা রহমান আঁখি। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার শরণাপন্ন হয়েছিলেন। গর্ভে সন্তান আসার পর থেকে নিয়মিত ওই চিকিৎসকের কাছেই তিনি চিকিৎসা নিয়েছেন।

প্রসবব্যথা উঠলে গত ৯ জুন মধ্যরাতে কুমিল্লা থেকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আঁখিকে নিয়ে আসেন তার পরিবার।

ইয়াকুব আলীর ভাষ্য, সেদিন তাদের বলা হয়েছিল ডা. সংযুক্তা হাসপাতালে আছেন। কিন্তু সেদিন ওই চিকিৎসকের সহকারীরা প্রথমে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের চেষ্টা করেন।

সে সময় জটিলতা তৈরি হলে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি ওইদিনই মারা যায়। সঙ্কটাপন্ন অবস্থায় আঁখিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান আঁখি।

এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বুধবার ধানমণ্ডি থানায় মামলা করেছেন আঁখির স্বামী ইয়াকুব আলী। সেই মামলায় ডা. সংযুক্তা সাহার দুই সহযোগী ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা গ্রেপ্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ওই দুই চিকিৎসক-কর্মচারীসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

আইসিইউ ও জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম শুক্রবার বন্ধ করে দিয়েছে।

ওই হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলে নির্দেশনা এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

পুরনো খবর:

পুরানো খবর:

সেন্ট্রাল হাসপাতালে সন্তান হারানো আঁখিও চলে গেলেন

পুরানো খবর:

সেন্ট্রাল হাসপাতালে সব অস্ত্রোপচার বন্ধ

পুরানো খবর:

‌‘ভালো’ চিকিৎসা নিতে এসে হারালেন সন্তান, নিজেও সিসিইউতে

পুরানো খবর:

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

পুরানো খবর:

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার