ডেঙ্গু: সেপ্টেম্বরে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু
এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ৪৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন রোগী; মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো তিনজনের।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ৪৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্য সব মাসকে ছাপিয়ে গেছে সেপ্টেম্বর। এ মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৭৬ জনের।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে মৃত তিনজনই বরিশার বিভাগের বাসিন্দা। তাদের মধ্য একজন শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, একজন বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এক জন বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৮, ৬৮ ও ৩৩ বছর।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২১৪ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৩৪৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭৩ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
