এক দিন পরই ডেঙ্গুতে আবার ৪ জনের মৃত্যু
এক দিনে হাসপাতালে আরও ২৫৪ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে পাঁচ মাস পর মৃত্যুশূন্য এক দিন পার করতে না করতেই আবার চারজনের মৃত্যু হয়েছে।
এইডিস মশাবাহিত এ রোগে রোববার সকাল পর্যন্ত গত এক দিনে হাসপাতালে আরও ২৫৪ জনের ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৯১ জন ভর্তি হয়েছেন এবং ঢাকায় এ সংখ্যা ৬৩ জন। মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকার এবং বাকি দুইজন ঢাকার বাইরের।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ২৩৬ জনে। এদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ২ লাখ ৯ হাজার ৭২৫ এবং ঢাকায় ১ লাখ ৯ হাজার ৫১১ জন ভর্তি হয়েছেন।
এ সময় পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮২ জনের। তাদের মধ্যে ৯৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৭১২ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে।
ডিসেম্বরের প্রথম ১৭ দিনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪৫ জন।
মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৫ দিনে ৫৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি ডিসেম্বরের ১৭ দিনে মারা গেছেন ৬০ জন।
