Published : 07 Sep 2026, 05:51 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের প্রাণ গেছে; এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১৪ জন ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১ জনে। তাদের মধ্যে সেপ্টেম্বর মাসের ৭ দিনেই মারা গেছেন ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৩৯ জন, দক্ষিণ সিটির ১৪৩ জন এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগের ২২৫ জন রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৮১ জন, রংপুরে ৩৬ জন, রাজশাহীতে ৯৯ জন এবং সিলেটে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।