২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে হাসপাতাল সচল রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঈদের ছুটিতে হাসপাতালগুলোতে যেন সেবা কোনোভাবেই ব্যাহত না হয়, সে ব্যবস্থা নিতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসক না থাকার অভিযোগের প্রেক্ষাপটে রোববার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি। 

নাসিম চিকিৎসকদের উদ্দেশে বলেন, “ঈদের ছুটিতে রোগী সেবা নিয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। রোস্টার পদ্ধতিতে সব হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।”

ঈদের ছুটিতে হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের এক যোগে ছুটি নেওয়ার আগের নজির তুলে ধরে তিনি বলেন, এতে রোগীরা চিকিৎসাবঞ্চিত হন। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এসব থেকে সতর্ক থাকতে হবে।

Image
মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

ঈদের ছুটিতে রোগী সেবা নিয়ে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

দুপুরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ঢোকেন স্বাস্থ্যমন্ত্রী। প্রথমে তিনি আউটডোরে যান। পরে একে একে তিনি জরুরি বিভাগ, ব্রংকাইটিস, অ্যাজমা বিভাগসহ বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন।

মোহাম্মদ নাসিম হাসপাতালকে দালালমুক্ত রেখে সেবার মান বাড়ানোর জন্য পরিচালককে নির্দেশ দেন। এছাড়া টয়লেট, মেঝেসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও বলেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. শামিউল ইসলাম মন্ত্রীর সঙ্গে ছিলেন।