প্রশিক্ষণ নিতে কোরিয়ায় চিকিৎসক-সেবিকা
আধুনিক নার্সিং শিক্ষায় প্রশিক্ষণ নিতে চিকিৎসক, সেবিকা, ইন্সট্রাক্টর ও ব্যবস্থাপনা পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি দল শুক্রবার কোরিয়া গেছেন।
কোরিয়া সরকারের উন্নয়ন সংস্থা কেওআইসিএ ১৪ দিনের এই প্রশিক্ষণের জন্য ২৫ জনের এই দলকে পাঠিয়েছে। বাংলাদেশে কোরিয়ার সহায়তায় আধুনিক নার্সিং শিক্ষার যে জাতীয় ইনস্টিউট করা হবে সেখানে যাতে তারা ভূমিকা রাখতে পারেন সেজন্য এই প্রশিক্ষণের আয়োজন।
‘ন্যাশনাল ইনস্টিউট অফ অ্যাডভান্সড প্রাকটিস নার্সেস ইন বাংলাদেশ’ই হবে দেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে নার্সিংয়ের ওপর স্নাতকোত্তর ও পিএইচডি সনদ দেয়া হবে।
এই ইনস্টিউট প্রতিষ্ঠান গড়ে তুলতে এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিচ্ছে কোরিয়া। আগামী ডিসেম্বরে এর নির্মাণ কাজ শুরু হবে। প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি নার্সিং শিক্ষার পাঠ্যসূচির উন্নয়ন করবেন তারা।
কেওআইসিএ বলেছে, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও কোরিয়ার নার্সিং শিক্ষা ব্যবস্থার ‘শক্তি ও দুর্বলতা’ ধরতে পারবে এবং বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়নে ভবিষ্যৎ দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।
এছাড়া প্রশিক্ষণ এবং চার বছরের পিএইচডি কোর্সের জন্য ভবিষ্যতে আরো শিক্ষক ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের কোরিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
