২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুখী শৈশব হৃদরোগের ঝুঁকি বাড়ায়

শিশুকাল দুঃখ-যাতনার মধ্যে দিয়ে পার হলে মাঝ বয়সে ওইসব মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।বিশেষ করে নারীদের ক্ষেত্রে এ আশঙ্কা বেশি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

গবেষকরা বলছেন, ৭ বছর বয়সী শিশুরা দুঃখ-কষ্টসহ দীর্ঘ্যস্থায়ী যাতনার শিকার হলে পরবর্তী জীবনে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

কিন্তু বিপরীতে যারা আদর যত্নের মধ্য দিয়ে শৈশব পার করে বয়সকালে তাদের হৃদরোগাক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে কম।

৩৭৭ জন প্রাপ্ত বয়স্কের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়েছে। তাদের শিশুকালও পর্যালোচনা করেছেন গবেষকরা।৭ বছর বয়সে তাদের আবেগিক আচার-আচরণ নিয়ে কতকগুলো পরীক্ষাও চালানো হয়েছে।

এতে দেখা গেছে, ৭ বছর বয়সে যারা যাতনার শিকার হয়েছে ৪০ বছরের শুরুর দিকে তাদের মধ্যে নারীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি ৩১ শতাংশ। আর ওই একই বয়সে হতাশা, ক্ষোভের মধ্য দিয়ে সময় পার করা পুরুষদের ক্ষেত্রে এ ঝুঁকি ১৭ শতাংশ।

আর শৈশব যন্ত্রণার মধ্য দিয়ে পার করে ৪০ বছর বয়সে পা দেয়া মানুষদের পরবর্তী ১০ বছরে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হওয়ার ঝুঁকি নারীদের ক্ষেত্রে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৪ দশমিক ২ শতাংশ বেশি।আর পুরুষদের ক্ষেত্রে ৭ দশমিক ৩ থেকে ৮ দশমিক ৫ শতাংশ বেশি দেখা গেছে গবেষণায়।

গবেষণায় হৃদরোগের জন্য দায়ী অন্যান্য কারণগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।তবে অসুখী শৈশবের সঙ্গে হৃদরোগের এ সম্পর্কের বিষয়টি আরো ভালভাবে বুঝতে গেলে এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলেই জানিয়েছেন গবেষকরা।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এপিডেমিওলজি এন্ড কমিউনিটি হেলথ’ জার্নালে।