ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টেম সেল প্রতিস্থাপনের পাঁচ বছর পর এক মার্কিন নাগরিক এইডস থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে খবর দিয়েছেন তার চিকিৎসক, যে মারণব্যাধি থেকে বাঁচার উপায় মানুষ খুঁজছে অনেকদিন ধরে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইসে এক সিম্পোজিয়ামে এইচআইভি থেকে আরোগ্য হওয়ার কথা জানান ব্রাউন এবং তার জার্মান চিকিৎসক ড. গেরো হাটার।
এইডস বিষয়ক এ গবেষণায় টিমোথি ব্রাউন আগেই ‘দি বার্লিন পেশেন্ট’ নামে পরিচিত হয়ে উঠেছিলেন, কারণ সেখানেই তার চিকিৎসা শুরু হয়েছিল।
বর্তমানে ৪৬ বছর বয়স্ক ব্রাউনের দেহে এইডসের জন্য দায়ী এইচআইভি ধরা পড়ে ১৯৯৫ সালে। এর ১১ বছরের মাথায় লিউকেমিয়াতে আক্রান্ত হন তিনি।
কেমোথেরাপি দেয়ার পর টিমোথির রক্তে স্টেম সেল প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দেয়। ওই পর্যায়ে তার চিকিৎসার দয়িত্ব নেন জার্মানির হেইডেলবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. গেরো হাটার।
রক্তে এইচআইভির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এমন বিরল বৈশিষ্টের এক রক্তদাতাকে খুঁজে বের করেন ড. হাটার। তার দেহের কোষ নিয়েই তৈরি হয় ব্রাউনের শরীরে প্রতিস্থাপনের স্টেম সেল।
উত্তর ইউরোপের কেবল ১ শতাংশ ব্যক্তির দেহেই এইচআইভিবিরোধী এমন বিরল প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়।
২০০৭ সালে সেই বিশেষ স্টেম সেল প্রতিস্থাপন করা হয় ব্রাউনের শরীরে। এরপর থেকে কোনো ওষুধ ছাড়াই এইচআইভির সংক্রমণ ঠেকিয়ে বেঁচে আছেন ব্রাউন।
ড. হাটার বলেন, “এখন নিশ্চিত করে বলা যায়, এইচআইভি ভাইরাস থেকে ব্রাউন আরোগ্য লাভ করেছেন।”
সেই স্টেম সেল প্রতিস্থাপনের কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউন সুস্থ হতে শুরু করেন বলে জানান ড. হাটার।
চলতি বছরের শুরুতে ব্রাউনের শরীরে আবারো এইচআইভি ফিরে এসছে বলে সন্দেহ করেছিলেন অনেক গবেষক। তবে ড. হাটার জানিয়েছেন, ব্রাউনের শরীরে নতুন করে আর সংক্রমণ হয়নি। আগের ভাইরাসের অবশিষ্টগুলোই খুঁজে পেয়েছেন গবেষকরা।
ড. হাটারের দাবি সঠিক হয়ে থাকলে এখন পর্যন্ত এইডস থেকে আরোগ্য পাওয়া একমাত্র ব্যক্তি টিমোথি রে ব্রাউন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজেড/ওএস/এইচবি/১৭১৫ ঘ.
bdnews24