নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ শহরের উত্তর-পূর্বে ৩০ কিলোমিটার দূরের একটি গ্রাম। মঙ্গলবার রাতে এ গ্রামেই সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছেন এক নারী। আরেকজন সুস্থ বাচ্চার জন্ম দিয়েছেন।
দুই মায়ের এ বিপরীত পরিণতি হয়েছে হাসপাতালে যাওয়া ও না যাওয়ার ফলে।
বাড়িতে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাওয়া ওই নারী ছয় সন্তানের জননী মুরাকরি ইউনিয়নের রানী বেগম। অপর দিকে মুরাকরি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি সুস্থ বাচ্চার জন্ম দেন সঞ্চিতা রানী আচার্য্য।
মুরাকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী জানান, সন্তান প্রসব করতে গিয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ি হাসপাতাল থেকে ১০ মিনিটের দূরত্বে। তারপরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।
তার মতে, হাসপাতালে না যাওয়ার এই রীতি অনেক পুরনো। অবহেলার কারণেই এ ধনের মৃত্যু ঘটে। তবে এ ব্যাপারে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান লিয়াকত।
হবিগঞ্জে নিরাপদ মাতৃত্ব, প্রসব ও জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সরকারের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে ইউএসএআইডি’র মামনি প্রকল্প। এ প্রকল্পের সঙ্গে একত্রে কাজ করছে সরকারি প্রতিনিধিরা।
অঞ্চলটির অর্থনীতি ব্যবাসাকে কেন্দ্র করে হলেও স্বাস্থ্য সূচকে অনেক পিছিয়ে রয়েছে। জাতীয়ভাবে গড় জন্মহার ২ দশমিক ৫ শতাংশ হলে হবিগঞ্জে এ হার ৩ দশমিক ৫ শতাংশ। জন্মবিরতিকরণ/জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রেও জেলাটি রয়েছে পিছিয়ে। জাতীয়ভাবে জন্মনিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ। আর এখানে তা মাত্র ৪০।
বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপে (বিডিএইচএস) দেখা গেছে, সিলেট বিভাগের অন্তত ৮৫ শতাংশ নারী বাড়িতে সন্তান প্রসব করে থাকে। জাতীয়ভাবে এই হার ৭৬ শতাংশ।
মুরাকরি ইউনিয়নের চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক বছর আগেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অব্যবহৃত ছিল। তবে এক বছর আগে ইউএসএআইডি’র মামনি প্রকল্পের আওতায় স্বাস্থ্য কেন্দ্র পুনঃসংষ্কার করা হয়।
এখন এখানে বেসরকারি হাসপাতালের কোনো শাখার মতো সুযোগ সুবিধা রয়েছে। ভবনের ভেতরেই কর্মীদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা সর্বক্ষণিক নবজাতকদের ও মাতৃত্বকালীন সেবা ছাড়াও স্বাভাবিক প্রসূতিদের সেবা দিতে পারেন।
হবিগঞ্জে ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোকে সংষ্কার করা হয়েছে। কেন্দ্রগুলোকে ২৪ ঘণ্টা চালু রাখার জন্য ইউএসএআইডি’র মামনি প্রকল্পের মাধ্যমে শূন্য পদগুলোতে দেয়া হয়েছে নতুন নিয়োগ।
পার্শ্ববর্তী শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. তফসির মিয়া জানান, বাড়িতে প্রসব করাকে এ অঞ্চলে পারিবারিক মর্যাদা হিসেবে পালন করা হয়।
তিনি বলেন, “প্রসবের জন্য বাড়ির বাইরে যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না। এটা মর্যাদা হারানোর সামিল। সামাজিকভাবে মর্যাদাহানিকর ও ধর্মীয় বিশ্বাসের কারণেই নারীরা প্রসবের সময় বাড়িতে থাকেন।”
সরকারি সেবাগুলোকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার কারণে মামনি প্রকল্পটি অনন্য হয়ে উঠেছে। নারীরা মুরাকরি কেন্দ্রে আসবেন কী না প্রকল্প শুরুর সময় এ বিষয়ে নিশ্চিত ছিলেন না প্রকল্প ব্যবস্থাপকরা। কেননা কেন্দ্রগুলো সংষ্কারের আগে ১০ মাসে দেড়শ’র বেশি নারী কেন্দ্রে সন্তান জন্ম দিয়েছেন। আর কেবল গত মাসেই এ কেন্দ্রে ৩১ জন নারী সন্তান প্রসব করেছেন।
তবে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর কেন্দ্রের ব্যবস্থাপনা সরকারের কাছে হস্তান্তর করলে সেবার মান একই থাকবে কী না সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে।
এ বিষয়ে প্রকল্পের মাঠ পর্যায়ের ব্যবস্থাপক ডা. মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, সরকারি সুযোগ সুবিধাগুলোকে কীভাবে কাজে লাগানো যায় আমরা সে উপায়ই দেখাচ্ছি।
তিনি আরো জানান, বিনামূল্যে সরকারি এসব সুযোগ সুবিধা নেয়ার বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করতে প্রতিটি গ্রামে তাদের ২০ থেকে ২৫ জনের একটি দল রয়েছে।
“তারা যখন কোনো অন্তঃসত্ত্বা নারীকে পরীক্ষা নিরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠান, তখন আমাদের প্যারামেডিকসরা তাদের আবার আসার জন্য অনুপ্রাণিত করেন।”
বৃহস্পতিবার শিবপাশা ইউনিয়নের একটি গ্রামে ওই স্বেচ্ছাসেবিদের একটি বৈঠকে গিয়ে দেখা গেছে বৃষ্টি উপেক্ষা করে নারীরা একটি ঘরে এসে জড়ো হয়েছেন, যেখানো ছোট ছোট নৌকাই যোগাযোগের একমাত্র মাধ্যম।
বৈঠকে দেখা যায়, তারা গ্রাম থেকে সংগৃহিত জন্ম-মৃত্যু, অন্তঃস্বত্ত্বা, টিকাদান কর্মসূচির অবস্থা বিভিন্ন তথ্য তাদের দল নেতার কাছে দিচ্ছেন। তারা অন্তঃস্বত্ত্বাদের সরকারি সুবিধা নেয়ার বিষয়ে অনুপ্রাণিত করার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে গিয়ে এ তথ্যগুলোও সংগ্রহ করে আনেন।
এরপর মাসে একবার করে গিয়ে দল নেতা এ তথ্যগুলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে সরকারি কর্মচারীরা তথ্যগুলো ঢাকায় কেন্দ্রিয় কর্তৃপক্ষের কাছে পাঠায়।
তুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী মাহিলা আক্তার জানান, তারা আগের তুলনায় অনেক বেশি নির্ভুল তথ্য পাঠাতে পারছেন।
তিনি বলেন, “আগে আমরা ঘরে ঘরে গিয়ে তথ্যগুলো সংগ্রহ করতাম। দুইজন মাত্র কর্মীর পক্ষে সঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হতো না। তবে এখন স্বেচ্ছা সেবকরা ওই তথ্যগুলো সংগ্রহ করে আমাদের কাছে নিয়ে আসে।”
জেলার বেশিরভাগ গ্রাম পানি বেষ্টিত ও নৌকাই যোগাযোগের একমাত্র বাহন হওয়ায় সরকারি স্বাস্থ্যকর্মীরা সাধারণত মাঠ পর্যায়ে যায় না। তবে ইউএসএইডি’র সঙ্গে অংশীদারের কারণে শূন্য পদগুলোতে প্যারামেডিক নিয়োগ দিয়েছে মামনি প্রকল্প। আর তারা বিশেষভাবে নির্মিত ‘ওয়াটার অ্যাবম্বুলেন্স’ নামের একটি নৌকায় করে এ প্যারামেডিকদের মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়।
বিশেষভাবে নির্মিত ওই ‘ওয়াটার অ্যাম্বুলেন্সে’ রোগীদের জন্য আলাদা বিছানা রয়েছে। এছাড়া নার্সদের জন্য আলাদা একটি স্থান পানি সরবরাহের ব্যবস্থা, টয়লেট ছাড়াও রয়েছে ওয়াশবেসিন, জরুরি ওষুধপত্র ও স্বাস্থ্য পরীক্ষার সরঞ্জামাদি।
ভাড়ায় চালিত নৌকার ওপর নির্ভর না করে মৃত্যুর মুখে থাকা রোগীদের বহন করার জন্যও এ বিশেষ ধরনের নৌকার ব্যবস্থা করা হয়েছে।
এ নৌকায় করে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথেই প্রসব করেন বানিয়াচং ইউনিয়নের নওগাঁও গ্রামের সুরমা বেগম। বাচ্চা কোলে সেই স্মৃতি মনে করে তিনি বলেন, “হাসপাতালে যাওয়ার পথেই আমার প্রসব হয়। আপা (প্যারামেডিক) সব কিছু সামলে নিয়েছিলেন এবং আমি বাড়ি ফিরে আসি।”
প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক ডা. সৈয়দ আবু জাফর মো. মুসা বলেন, তীক্ষè পর্যবেক্ষণ ও পরিচালনার কারণে ‘ছোট আকারে’ এসব পাইলট প্রকল্প ভাল কাজ করে। তবে সরকারকে পুরো দেশের পরিস্থিতি দেখতে হয়। সম্পদ সীমাবদ্ধতার কারছে মাঝে মাঝে তা হয়তো ভালভাবে কাজও করে না।
তবে জনগণের মধ্যে একটি চাহিদা তৈরি করে দেয়ায় হবিগঞ্জ প্রকল্প হস্তান্তরের পরেও ভাল কাজ করার আশা করছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, “কর্মীরা একটি চাহিদা তৈরি করে দিয়েছে। জনগণের দাবি হলে আপনাকে তা পূরণ করতেই হবে।”
নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা শিখা রানী দাসও এ বিষয়ে আশাবাদী।
তিনি বলেন, “মানুষ সচেতন না। জন্মনিয়ন্ত্রণে বিশ্বাস না করে তারা অনেক সন্তান জন্ম দিচ্ছে। তবে এখন অনেক মেয়েরা স্কুলে আসায় এগুলো একদিন পরিবর্তিত হবে।”
তবে এ প্রকল্পে নাখোশ হয়েছেন স্থানীয় ধাত্রীরা।
ধাত্রীরা নারীদের হাসপাতালে যাওয়ার বিষয়ে অনুৎসাহিত করেন বলে অভিযোগ করেন সঞ্চিতা। তিনি বলেন, “এটা তাদের আয়ের উৎস। তাই তারা এ প্রসূতিদের হাসপাতালে যেতে দিতে চায় না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমডি/এএল/২৩১৭ ঘ.
bdnews24