ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের ফার্মেসিগুলোতে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করা হচ্ছে কিনা তা তদারকির জন্য মাত্র ২৩ জন ড্রাগ সুপার কাজ করছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি বলেন, “এ লোকবল দিয়ে বাজার তদারকি সম্ভব নয়।”
মন্ত্রী জানান, দেশের ৪৮৪ উপজেলায় ফার্মেসি ও ওষুধের দোকানে ওষুধ কোম্পানিগুলো মানসম্পন্ন ওষুধ সরবরাহ করছে কিনা তা তদারকির জন্যে বর্তমানে মাত্র ২৩ জন ড্রাগ সুপার রয়েছেন। লোকবলের অভাবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ১৬ জন ওষুধ তত্ত্বাবধায়ক ও ৭ জন ওষুধ পরিদর্শককে ভারপ্রাপ্ত ওষুধ তত্ত্বাবধায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, “এই ২৩ কর্মকর্তা দিয়ে সারাদেশের ওষুধের বাজার তদারকি সম্ভব নয়। আরো ৫০টি ওষুধ তত্ত্বাবধায়ক পদে কর্মকর্তা নিয়োগে পিএসসি লিখিত পরীক্ষা নিয়েছে। দ্রুততম সময়ে নিয়োগ সম্পন্ন হবে। জনবল বৃদ্ধি পেলে মাঠ পর্যায়ের তদারিক আরো বাড়বে।”
সানজিদা খানমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে ৫ হাজার ৭৩১ ডাক্তারের পদ শূন্য রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর এ যাবৎ এডহক ভিত্তিতে ৪ হাজার ১৩৩ ডাক্তার এবং ২৮তম, ২৯তম ও ৩০তম বিসিএস-এর মাধ্যমে ১ হাজার ৫৮৭ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।
সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অধীনে ডাক্তার, স্বাস্থ্য সহকারীসহ মোট ৩৫ হাজার পদ শূন্য রয়েছে।
নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে রুহুল হক জানান, সরকারিভাবে দেশে মোট কর্মরত নার্সের সংখ্যা ১৪ হাজার ৫৯৪ জন। এ সংখ্যা পর্যাপ্ত নয়।
৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিতে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার তালিকাভুক্ত ১১৭টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করে, যা সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে ওষুধের মোড়কে মুদ্রিত থাকে।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে রুহুল হক জানান, বর্তমানে দেশে ৫৩৮টি সরকারি হাসপাতাল রয়েছে।
অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭৪ ও ১৯৭৫ সালের অধ্যাদেশের মাধ্যমে চ্যারিটেবল ডিসপেনসারিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গণ্য করা হয়েছে। বর্তমানে এর সংখ্যা ১ হাজার ৩৬২।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছরের ডিসেম্বরের হিসাবে বর্তমানে দেশে এইচআইভি পজিটিভ লোকের সংখ্যা ২ হাজার ৫৩৩ জন। এর মধ্যে এইডস রোগে আক্রান্ত ৮১০ জন। দেশের আটটি পুরনো সরকারি হাসপাতালে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় এইচআইভি পজিটিভ ব্যক্তিদের সার্বিক চিকিৎসা প্রদানের পরিকল্পনা আছে।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএএইচ/এএল/২১০২ ঘ.
bdnews24