২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে : ইউনিসেফ

গত ২০ বছরে বিশ্বে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। এই সময়ে শিশুমৃত্যুর হার আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ২০ বছরে বিশ্বে ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। এই সময়ে শিশুমৃত্যুর হার আগের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য প্রকাশ করেছে বলে বৃহস্পতিবার বিবিসি অনলাইন জানিয়েছে। বিশ বছর আগে ১৯৯০ সালে বিশ্বে ৫ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুর মৃত্যু হয়েছিল। কিন্তু ২০ বছর পর ২০১১ সালে ৫ বছরের কম বয়সী ৬৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর দৈনিক হার ছিল প্রায় ৩৩ হাজার, আর গত বছর এ হার ছিল দৈনিক ১৯ হাজার। শিশুমৃত্যু হ্রাস পাওয়ার পেছনে কিছু দরিদ্র দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন একটি কারণ বলে জানিয়েছে ইউনিসেফ। তবে শিশুদের বুকের দুধ খাওয়ানো উৎসাহিত করা ও সাধারণ রোগগুলোর বিরুদ্ধে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টার ফলেও মৃত্যুর হার কমেছে। যে সব দেশ প্রভুত পরিমাণে বিদেশী সহায়তা গ্রহণ করে শিশু মৃত্যুর হার ওই দেশেগুলোতেই সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্য ইউনিসেফ’র পরিচালক ডেভিড বুল জানিয়েছেন, “এ ক্ষেত্রে যে সব দেশ সবচেয়ে ভালো করেছে তাদের তালিকাগুলো দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে ভালো করেছে দ্য লাও পিপলস ডেমক্রেটিক রিপাবলিক (লাওস), এরপর তিমুর লেসথে (পূর্ব তিমুর) ও লাইবেরিয়া। আমার ধারণা এই তিনটি দেশের ক্ষেত্রেই আস্তর্জাতিক সহয়তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” গত বছর বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী অর্ধেক শিশুর মৃত্যু হয়েছে মাত্র পাঁচটি দেশে। এই দেশগুলো হলো- ভারত, নাইজেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পাকিস্তান ও চীন। বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ পাঁচটি। এরমধ্যে নিউমোনিয়ায় মারা যায় ১৮ শতাংশ, অপরিণত-শিশুজন্ম জনিত জটিলতায় মারা যায় ১৪ শতাংশ, ডায়রিয়ায় ১১ শতাংশ, প্রসব জটিলতায় ৯ শতাংশ ও ম্যালেরিয়ায় ৭ শতাংশ শিশু মারা যায়। তবে এই পাঁচটি কারণ ছাড়াও মৃত শিশুদের একতৃতীয়াংশ অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে ইউনিসেফ। ৫ বছরের নিচে মারা যাওয়া শিশুদের মধ্যে প্রায় ৪০ শতাংশ জন্মের প্রথম ২৮ দিনের মধ্যেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৬ ঘ.