ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্প সুরক্ষায় আমদানি করা গুঁড়ো দুধের ওপর কর বৃদ্ধি বাড়ানোর সুপারিশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বৃহস্পতিবার সংসদে বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, আমদানি করা গুঁড়ো দুধের ওপর কর কমানোর প্রস্তাবে বিশ্বমানের গুঁড়ো দুধ প্রস্তুতকারী দেশীয় তিনটি প্রতিষ্ঠান মিল্ক ভিটা, ব্র্যাক ও প্রাণ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে।
গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের জন্য ১ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট সংসদে প্রস্তাব করেন।
প্রাণিসম্পদমন্ত্রী মন্ত্রী বলেন, “দেশীয় কোম্পানিগুলোকে গুঁড়ো দুধের কারখানা স্থাপনে বিনিয়োগ করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এখন তাদের রক্ষা করতে হবে।”
অসম প্রতিযোগিতার কারণে দেশি কোম্পানিগুলো বর্তমানে তাদের উৎপাদন ক্ষমতার মাত্র ২০ শতাংশ ব্যবহার করতে পারছে বলে জানান তিনি।
দেশি গুঁড়ো দুধের দাম কমাতে প্যাকেজিং সামগ্রির ওপর আরোপিত শুল্ক কমানোর সুপারিশও করেন প্রাণিসম্পদমন্ত্রী।
পচন থেকে রক্ষায় বিষাক্ত ফরমালিন ব্যবহারের কারণে ভোক্তারা ফলমূল ও মাছ কিনতে ভয় পান স্বীকার করে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “সারা দেশে বিতরণের জন্য আমরা ইতিমধ্যে এক লাখ ৮০ হাজার ফরমালিন সনাক্তকারি যন্ত্র কিনেছি।”
কালো টাকা
কার স্বার্থে বাজেটে টাকা সাদা করার বিধান রাখা হয়েছে- এবিষয়ে অবস্থান পরিস্কার করার জন্য অর্থমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য খান টিপু সুলতান।
তিনি বলেন, “এটা নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।”
মোবাইল ফোনের উৎসে কর বাড়ানোরও বিরোধিতা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২০১৫ ঘ.
bdnews24