২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুটিকা কার্যক্রম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) উপদ্রুত এলাকায় টিকা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চূড়ান্ত করতে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) উপদ্রুত এলাকায় টিকা কার্যক্রম শুরুর প্রক্রিয়া চূড়ান্ত করতে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধে গঠিত জাতীয় উপদেষ্টা কমিটির সভায় রোববার এ কমিটি গঠন করা হয়। সভা শেষে কমিটির সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নেতৃত্বে গঠিত এই বিশেষজ্ঞ কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা এ সভায় যোগ দেন। লতিফ বিশ্বাস বলেন, খামারীদের দীর্ঘদিনের দাবির কারণে সরকার পরীক্ষামূলকভাবে খামারগুলোতে টিকা কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে গঠিত কারিগরি কমিটির পরামর্শ অনুযায়ীই সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। “কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় ও অধিদপ্তর উপদ্রুত এলাকার খামারগুলোতে টিকা কার্যক্রম শুরু করবে”, বলেন তিনি। ভবিষ্যতে এ কার্যক্রম সারা দেশে শুরু করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি নির্ভর করবে জাতীয় উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের ওপর। প্রাথমিক পর্যায়ে সফল হলে বিষয়টি নিয়ে জাতীয় উপদেষ্টা কমিটিতে আলোচনা হবে। সরকারের কাছে বার্ড ফ্লু আক্রান্ত হাঁস-মুরগির পরিসংখ্যান রয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, “কিছু কিছু প্রতিষ্ঠান সঠিকভাবে তথ্য সরকারের কাছে দিচ্ছে না। তারা কোনোভাবে এ রোগের আক্রমণ দেখলে আগেই হাঁস-মুরগি বিক্রি করে দেয়। ফলে তাদের তথ্য সরকার পায় না।” তবে সরকার আক্রান্ত হাঁস-মুরগি নিধনের জন্য এ পর্যন্ত চার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে বলে জানান মন্ত্রী। সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স¤প্রতি ৩০ জনেরও বেশি লোকের দেহে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়ে জানতে চাইলে লতিফ বিশ্বাস বলেন, দেশে বর্তমানে কোথাও অ্যানথ্রাক্স রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। এ রোগ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, সিরাজগঞ্জের এ রোগের সংক্রমণ ঘটেছে ভারতীয় একটি গরু থেকে। অসুস্থ গরুটি জবাই করে মাংস বিক্রি করার ফলে জবাই, মাংস কাটা ও রান্নার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আক্রান্ত হয়েছেন। মন্ত্রী জানান, এ ঘটনার পর সরকার সীমান্তে পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যাতে কোনো পশুই পরীক্ষা বা পর্যবেক্ষণ না করে দেশে আসতে না পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৫০ ঘ.