ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাকবিরোধী সংগঠনগুলোর পর তামাকের ওপর উচ্চ হারে কর আরোপের জন্য অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠিয়েছেন এক মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য।
তামাকের ওপর কর বাড়ানোর জন্য যারা এনবিআরে চিঠি পাঠিয়েছেন তাদের তালিকায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খানের নাম দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক। ওই তালিকায় সংরক্ষিত নারী আসনের ছয় জন সংসদ সদস্যেরও নাম রয়েছে।
এর আগে তামাকবিরোধী আন্দোলনকারীরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে এ ধরনের অন্তত ৩১টি চিঠি দেন।
অর্থমন্ত্রীর কাছে লেখা চিঠিতে অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী তামাক ও তামাকজাত পণ্যের ওপর সুনির্দিষ্ট হারে করা আরোপের প্রস্তাব করেছেন ফারুক খান।
সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন চিঠিতে লিখেছেন, “তামাকের দাম বাড়লে এ শিল্পে কর্মসংস্থানের সুযোগ কমে যাবে বলে তামাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা যে দাবি করে আসছে, তা ভুল।”
তিনি বলেন, প্রকৃতপক্ষে তামাক ব্যবসায় শুধু মালিকরাই লাভবান হয়েছে। অন্যদিকে কৃষক, শ্রমিক ও অন্যরা সবাই এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গবেষকদের মতে, তামাক শিল্প মালিকদের পক্ষ থেকে লাখ লাখ শ্রমিকের কথা বলা হলেও মাত্র ৬৫ হাজারের মতো শ্রমিক দেশের ১১৭টি কারখানায় কাজ করে।
অর্থনীতিবিদরা বলেন, প্রতি ১০টি সিগারেটের ওপর ৩৪ টাকা এবং ২৫টি বিড়ির এক প্যাকেটের ওপর চার টাকা ৯৫ পয়সা কর আরোপ করা হলে সরকার তামাক ও তামাকজাত পণ্য থেকে দুই হাজার দুইশ’ বিশ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে। এছাড়া এর ফলে এক কোটি চার লাখ মানুষ তামাক সেবনের অভ্যাস ত্যাগ করবে।
ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিড্স ইন বাংলাদেশের সমন্বয়ক তাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার আমরা সংসদ সদস্যদের বোঝাতে সক্ষম হয়েছি।”
বৃহস্পতিবার তামাকবিরোধী কর্মীদের একটি দল রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে সংসদ সদস্যদের ২০টি চিঠি হস্তান্তর করেন।
তাইফুর বলেন, তথ্য-উপাত্ত ও গবেষণা প্রতিবেদন তুলে ধরে রাজস্ব বোর্ডের কাছে এ বিষয়ে চিঠি লেখার জন্য সংসদ সদস্যদের রাজি করিয়েছেন তারা।
“মজার ব্যাপার হল, তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্য এরআগে এনবিআরকে পাঠানো চিঠিতে বিড়ির ওপর কর না বাড়ানোর জন্য বলেন। আমরা যখন প্রকৃত ঘটনা তাদের কাছে তুলে ধরেছি তখন তারা আবার কর বাড়ানোর জন্য চিঠি লিখেছে।”
গত মার্চে একটি আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ বলন, ২০১১-১২ অর্থবছরের বাজেটের আগে ১২০ জনের বেশি সংসদ সদস্য তামাকের ওপর কর না বাড়াতে রাজস্ব বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন।
তামাক উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০তম।
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৪৩ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করে বা অন্য কোনো পদ্ধতিতে তামাক সেবন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএইচ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24