ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক আগামী জুনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে অনুষ্ঠেয় মিনিস্টারিয়াল হেলথ লিডার’স ফোরামের জন্য হারভার্ড-২০১২ হেলথ লিডার মনোনীত হয়েছেন।
দেশের স্বাস্থ্যমান উন্নয়নে নেতৃত্ব ও কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ডা. হক এই মনোনয়ন পেয়েছেন বলে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হার্ভার্ড মিনিস্টারিয়াল লিভারশিপ ইন হেলথ (এমএলআইএইচ) কর্মসূচির আওতায় বিশ্বের সফল স্বাস্থ্যমন্ত্রীদের উদ্যোগকে আরো বেগবান করার জন্য এই মনোনয়ন দেওয়া হয়।
কেমব্রিজের হার্ভার্র্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট-এ আগামী ৩ জুন থেকে চার দিনব্যাপী এই বৈঠক হবে।
চিলড্রেনস ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের সহায়তায় হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং হার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্ট যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৈঠকে প্রত্যেক স্বাস্থ্যমন্ত্রী নিজ নিজ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য কর্ম পরিকল্পনা প্রস্তাব উত্থাপন করবেন, যা নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৯০৪ ঘ.
bdnews24