২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাস্থ্যসেবার ৬৪ শতাংশ অর্থ যোগায় জনগণ’

দেশে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় হওয়া অর্থের ৬৪ শতাংশ জনগণের কাছ থেকে যাচ্ছে বলে স্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় হওয়া অর্থের ৬৪ শতাংশ জনগণের কাছ থেকে যাচ্ছে বলে স্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এ ব্যয় গরীব মানুষের জন্য বিপর্যয়কর স্বাস্থ্য ব্যয় বা ‘স্বাস্থ্য ধাক্কা’য় রূপ নিচ্ছে। সোমবার রাজধানীর ব্রাক সেন্টারে প্রকাশিত ‘বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট ২০১১’তে বলা হয়, গরীব মানুষ কম টাকায় ভালো স্বাস্থ্যসেবা পেলে তাদের জন্য তা দারিদ্র্য দূরীকরণের একটি উপায় হিসেবে ভূমিকা রাখবে। প্রতিবেদন অনুযায়ী, জীবনযাপনের মোট ব্যয়ের ২২ শতাংশ স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করছে গরীব মানুষ। “এ প্রবণতা এ সেবার জন্য তাদের পকেট থেকে উচ্চ হারে অর্থ ব্যয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং গরীব মানুষের জন্য তা অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে।” স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় সংকোচনমূলক এবং এর মাধ্যমে গরীবদের চেয়ে ধনীরা বেশি লাভবান হয়- বলা হয় প্রতিবেদনে। “জনগণের মাত্র ১০ শতাংশ ধনী ব্যক্তি জাতীয় স্বাস্থ্য বাজেটের ১৫ শতাংশ ভোগ করছে যেখানে গরীব মানুষের ১০ শতাংশ ভোগ করছে মাত্র আট শতাংশ।” স্বাস্থ্য সেবার জন্য মাথাপিছু সরকারি ব্যয় ১৬ মার্কিন ডলার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “তবে সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য এ ব্যয় বাড়িয়ে ২৪ মার্কিন ডলার করা উচিত।” প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, পর্যাপ্ত বরাদ্দ পেলে তিনি সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারেন। “দুর্ভাগ্যজনকভাবে, অর্থমন্ত্রণালয় আমাকে প্রয়োজনীয় অর্থ দিতে পারে না।” “আমরা মাথাপিছু ব্যয় বাড়িয়ে ২৪ মার্কিন ডলার করতে চাই। কিন্তু টাকা পাব কোথায়।” দেশে ১৫ থেকে ১৬ কোটি মানুষ আছে যাদের সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা সম্ভব নয় মন্তব্য করে রুহুল হক বলেন, “আমি মনে করি এই কক্ষে যারা আছেন তাদের বিনামূল্যে চিকিৎসার প্রয়োজন নেই।” তিনি বলেন, দেশে ৪৮২টি হাসপাতাল, ১৪টি মেডিক্যাল কলেজ ও ১১ হাজার কমিউনিটি ক্লিনিক সরকারি অর্থায়নে পরিচালিত হয়। এসব ক্লিনিকে প্রায় তিন কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। সেখানে ৩০ ধরনের ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। “সীমিত সম্পদের মধ্যে থেকে আমরা খারাপ করছি- এটা কারো বলা উচিত হবে না।” মাতৃস্বাস্থ্য নিয়ে মন্ত্রী বলেন, “দুুই কোটি শিশুর জন্ম হয় ঘরে এবং তার মধ্যে মাত্র ১১ হাজার মা’র মৃত্যু হয়।” “এ ১১ হাজার মা’র কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার সামর্থ্য আছে সরকারের। তবে সমস্যা হচ্ছে, কোন মা সংকটাপন্ন তা আমরা জানি না।” স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য টেলিমেডিসিন কার্যকর হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ পাঁচ শতাংশ বাড়িয়ে জিডিপির ২০ শতাংশ করা হতে পারে।” “আশির দশকে যখন আমি মন্ত্রী ছিলাম তখন এ ব্যয় ছিলো জিডিপির ১২ শতাংশ এবং ২০০৯ সালে মন্ত্রী হওয়ার সময় তা ছিল ১৫ শতাংশ। আগামী দুই বছরে এটা বাড়িয়ে আমি ২০ শতাংশ করবো।” স্বাস্থ্যবীমা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “এটা চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে আছে। তবে আমি এটা পছন্দ করি।” “এর মাধ্যমে অনেক কিছু করার আছে।” এ প্রসঙ্গে দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, তার শৈশবে সরকারের প্রতিষেধক প্রদান কর্মসূচি থাকলেও আশির শেষ ও নব্বই দশকের শুরুর দিকে তা জনপ্রিয়তা পায়। ক্ষুদ্রঋণ উদ্যোগ নিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ঋণের ফলে অনেকের পরিস্থিতির উত্তরণ ঘটলেও পরিবারের কেউ অসুস্থ হলে ওই পরিবারটি আবারো দারিদ্র্যের মধ্যে চলে যায়। অনুষ্ঠানে অর্থনীতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, “সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে।” “আমি মনে করি, সবারই ভূমিকা আছে।” অবশ্য হেলথ ওয়াচ প্রতিবেদন বিষয়ে তার তেমন জানা নেই বলে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। সোমবার ঢাকায় এসে সকালে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অমর্ত্য সেন বলেন, “ইউরোপীয় ব্যবস্থা থেকে অনেক কিছু শিখতে পারে বাংলাদেশ।” ইউরোপে একবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, “চিকিৎসককে বলেছিলাম, আমার কী কোনো বেসরকারি হাসপাতালে চলে যাওয়া উচিত।” “তিনি আমাকে বলেছিলেন, ‘আপনি খুব অসুস্থ না হলে আমি আপনাকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিতাম, কিন্তু আপনি খুব অসুস্থ’।” এরপর অমর্ত্য সেনকে সরকারি হাসপাতালে থাকার পরামর্শ দেন ওই চিকিৎসক। বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিনিধি রওনক জাহান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১১৮ ঘ.