নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ডারবান থেকে
ডারবান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার আশ্বাসের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবানে শেষ হলো ২৯তম ত্রিবার্ষিক ধাত্রী সম্মেলন।
এ সম্মেলনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভসের (আইসিএম) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্রান্সিস ডে-স্টির্ক।
বিপুল করতালি ও অভিনন্দনের জবাবে সমবেতদের উদ্দেশে সংগঠনের নতুন প্রেসিডেন্ট বলেন, "এটা ছিলো একটা অসাধারণ সম্মেলন। আপনারা সাহস ও শক্তি পেয়েছেন- সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত।"
ধাত্রীসেবা বিকাশে বাংলাদেশের প্রতি আইসিএম সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
বিশ্বব্যাপী ধাত্রী পেশার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এ সম্মেলনকে।
সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ব্রিজেত লিঞ্চ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সম্মেলন ধাত্রী পেশাকে সবার কাছে তুলে ধরেছে।"
"সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধাত্রীরা দেখিয়েছেন, আমরা একটা পরিবর্তন আনতে পারি।"
ধাত্রী পেশার বিকাশে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে ব্রিজেত বলেন, "মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ধাত্রীসেবার বিকাশ গতিশীল করবে এ সম্মেলন।"
বিশ্বব্যাপী ধাত্রীদের শিক্ষা ও ধাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখায় আইসিএমকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলোজি অ্যান্ড ওবস্টেট্রিক্স (এফআইজিও) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
ডব্লিউএইচও'র ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি হেলথের সহকারি মহাপরিচালক ড. ফ্লাভিয়া বুস্ট্রেও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এক বার্তায় বলেন, "এসব মানদণ্ডের উন্নয়নের জন্য আমরা আইসিএমকে অভিনন্দন জানাচ্ছি।
"এ মানদণ্ডগুলো ধাত্রী ও অন্যান্য স্বাস্থ্যসেবা দানকারী সংগঠনগুলোকে ধাত্রীসেবার মানোন্নয়নে প্রশিক্ষণ আয়োজনে সহায়তা করেছে। ফলশ্র"তিতে মা ও সদ্যজাত শিশুর স্বাস্থ্যসেবার মান বেড়েছে।"
এফআইজিও'র প্রেসিডেন্ট অধ্যাপক গামাল সেরোর আইসিএম'র সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, "ধাত্রীসেবার মানোন্নয়নে এটা জরুরি এবং এর মাধ্যমে বিশ্বে লাখ লাখ মা ও সদ্যজাত শিশুর জীবন বাঁচছে।"
ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক ড. বাবাটুন্ডে ওসোটিমেহিনও ধাত্রীসেবার বিকাশে শিক্ষা, নীতি ও সংগঠন- এই তিন স্তম্ভের ওপর গুরুত্ব আরোপ করেন।
সোয়াজিল্যান্ডের ধাত্রী সংস্থার প্রেসিডেন্ট মেরিলিন এম মিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সম্মেলনের মধ্য দিয়ে তারা অনেক উপকৃত হয়েছেন।
তিনি বলেন, "বিশ্বজুড়ে ধাত্রীবিদ্যা সম্পর্কে জানার একটা বড় সুযোগ হয়েছে এখানে। এটা ছিলো একটা অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সম্মেলন।
"আলাদাভাবে ধাত্রী পেশা থাকার প্রয়োজনীয়তা সরকারকে বোঝাতেও সহায়তা করবে এ সম্মেলন।"
বাংলাদেশের ধাত্রীবিদ্যা পরিকল্পনা ও কৌশল বিষয়ক কার্যক্রমের কেন্দ্রীয় কর্তা ডা. খালেদ শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে ধাত্রীসেবার মানোন্নয়নে সহায়তা করতে প্রতিশ্র"তি দিয়েছেন দাতারা।
"এ সহায়তা দেশে নারী স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও সহযোগিতা করবে।"
শনিবার ডারবানে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য 'বড় ৫'কে বৈশ্বিকভাবে মোকাবেলা করা; যার মধ্যে রয়েছে বিশ্বায়ন, নারী ও তার সঙ্গীদের কথা শোনা, সেবা অব্যাহত রাখা, ধাত্রীসেবার মানোন্নয়ন এবং সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের কথা বিবেচনা করা।
২০১৪ সালে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ২০১৭ সালের সম্মেলনের জন্য কানাডার টরন্টোর নাম ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২২৫৭ ঘ.
bdnews24