২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষশুধু বয়সেই ছোট

মাদক পাচারের অন্ধকার জীবনটা তারা ফেলে এসেছে। সংশোধন কেন্দ্রের শৃঙ্খলায় তারা শিখছে- কীভাবে নেশা ভুলেও আনন্দ নিয়ে বেঁচে থাকা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

শেগুফতা হাসনাঈন সুরুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিগারেট, গাঁজা, নানা রকম মদ, নেশার ট্যাবলেট কিংবা ফেনসিডিল- সবকিছুই এরা চেখে দেখেছে। তবে এদের অনেকেরই মূল কাজটি ছিল এসব নেশাদ্রব্য পাচারে সহায়তা করা। আর এদের যে বৈশিষ্টটি আইন-শৃঙ্খলা বাহিনীকে সবচে বেশি ভুগিয়েছে- তা হলো চৌর্যবৃত্তিতে তাদের 'অসাধারণ' দক্ষতা। ঘটনাক্রমে এই দলের সবচে ছোটটির বয়স সাত বছর। আর সবচে বড়টির ১৫। ১০ বছরের আল-আমিনের কাজ ছিল পলিথিনের ব্যাগে গাঁজা ভরে ঢিলে শার্টের নিচে লুকিয়ে বেনাপোল সীমান্ত পার করা। একইভাবে আরো অনেক ধরনের মাদকই সে 'পারাপার' করেছে। "ক্রিকেটের প্যাড পইরা তার ফাকে ফেনসিডিলের বোতল গুইজ্জা নিতাম। তারপর দুইটা শোলা বাইন্ধা সাঁতরায়া খাল পাড় হইতাম।" ৯ বছর বয়সী সোহাগের কাজের কেন্দ্রটি ছিল রাজধানীর আজমপুর-উত্তরা এলাকা। প্রতিদিন সকালে পরিষ্কার স্কুল ইউনিফর্ম আর একটা ব্যাগ দেওয়া হতো তাকে। তবে সেই ব্যাগে বইখাতা থাকতো না, থাকতে গাঁজার প্যাকেট। "আমরা কয়েকজন মিলে প্রথমে উত্তরা থেকে কোনো ট্রেনের ছাদে উঠে পড়তাম। সেখানে বসে গাঁজার পোটলা কেটে ছোট ছোট পুরিয়া বানাতম।" ট্রেন খিলগাঁও রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেন থেকে নেমে যেত সোহাগ আর তার বন্ধুরা। সেখান থেকে চলে যেত গুলিস্তানের একটি পরিত্যাক্ত মার্কেটে। সেখানেই চলতো গাঁজার পুরিয়ার বেঁচা-কেনা। আল-আমিন আর সোহাগের মতো ৪৭টি শিশুর বর্তমান ঠিকানা মানিকগঞ্জের 'আপনগাঁও'। এই সংশোধন কেন্দ্রের শিশুরা অপরাধ জগতে অল্প দিনের অভিজ্ঞতা থেকেই এতোটা দক্ষতা অর্জন করেছে যে, কেউ কেউ ফলের রস পচিয়ে মদ বানানোতেও সিদ্ধহস্ত। "কয়েক পদের ফলের রস আর পানি মিশায়া বোতলে ভইরা মাটির নিচে দুই তিন সপ্তা পুঁইতা রাখলেই মদ হইয়া যায়," জানালো আল-আমিন। আর ধরা পড়লে? আল-আমিনের সহজ উত্তর- "গাঁঞ্জা টানা থাকলে মাইর ট্যার পাওয়া যায় না। ধরা খাইলেও সমস্যা নাই।" রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, কারওয়ান বাজার, মহাখালী বাস টার্মিনালসহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা এই ছেলেগুলোকে তুলে এনে আপনগাঁওয়ে 'বন্দি' করেছেন পরিচালক ব্রাদার রোনাল্ড দ্রাহোজাল। "এদের একেকজনের ইতিহাস একেকরকম। কেউ রাস্তার পাশে জন্মেছে। আবার এমনও আছে যে, কখনো নিজের বাবা-মাকে দেখইনি। কাউকে হয়তো সৎ মায়ের পিটুনি খেয়ে ঘর ছাড়তে হয়েছে", জানালেন ব্রাদার। আবার এমন শিশুও আপনগাঁওয়ে আছে যে ছোট্ট বেলায় বাবা-মাকে হারিয়ে ফেলে নিজেও হারিয়ে গিয়েছিল নেশা পাচারকারীদের চক্রে। তবে যে যেভাবেই 'পথ হারাক' না কেন, এদের সবার সাধারণ প্রবণতা হলো- মানুষের ভিড় বেশি, এমন জায়গায় থাকা। ব্রাদার জানালেন, আপনগাঁওয়ে আসার আগে এই শিশুদের মধ্যে 'রক্তের ভাই' বা 'রক্তের বন্ধুত্ব' পাতানোর একটি বিষয় ছিল। যাদের সাথে সারাদিনের ওঠাবসা কিংবা সখ্য, তাদের সঙ্গেই পাতানো হতোএই রক্তের সম্পর্ক। "এরা নিজেরে হাতের তালু কেটে রক্ত বের করতো। তারপর সেই হাত মেলাতো। এটাই ছিল তাদের রক্তের সম্পর্ক স্থাপনের নিয়ম।" নেশার টাকা কীভাবে জুটতো জানতে চাইলে সাগ্রহে তার বিবরণ দিলো আপনগাঁওয়ের বাসিন্দারা। ঢাকার পথশিশুদের প্রধান কাজ হলো রাস্তার পাশে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে তা বিক্রি করা। তবে এ কাজে লাভ নেই একেবারেই। কয়েক ঘণ্টা খেটে এক কিলোগ্রাম (কেজি) 'ভাঙাড়ি' বিক্রি করলে পাওয়া যায় ২৫-৩০ টাকা। "তবে চুরি করলে লাভ সবচে বেশি। দুপুর বেলায় বাসাবাড়ি খালি থাকে। লোকজন ঘুমায়। তখন চুরি করতে সুবিধা," জানালো সোহাগ। একবার কেরানীগঞ্জের এক বাড়িতে ঢুকে দুটো কাঁসার বাটি চুরি করে আড়াইশ' টাকা কেজি দরে বিক্রি করেছিল সে। বাটিগুলোর ওজন ছিলো প্রায় সাড়ে তিন কেজি। সোহাগের সরল স্বীকারোক্তি, "ওই টাকায় আমরা সবাই মিলে মজা করছিলাম।" ব্রাদার দ্রাহোজাল বলেন, "এই বাচ্চারা যে অপরাধপ্রবণ- তা কিন্তু নয়। নিজেদের কাজে ভালো পয়সা পেলে বন্ধুদের নিয়ে তা উদযাপন করতো ওরা। মাদক পাচার করে কখনো কখনো কয়েক হাজার টাকাও পেতো। তখন হয়তো বন্ধুদের নিয়ে সিনেমা দেখতো, ভালো খাওয়া-দাওয়া করতো।" একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হিসাব অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে বাংলাদেশের রাস্তায় আল-আমিন ও সোহাগের মতো শিশুর সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ছাড়িয়ে যাবে। ১৯৯৪ সালে কাজ শুরুর পর থেকে আপনগাঁও কর্তৃপক্ষ এ পর্যন্ত এক হাজারের বেশি শিশু-কিশোরকে মাদকাসক্তির চিকিৎসা দিয়েছে। তবে আপনগাঁও কর্তৃপক্ষ মনে করে, মাদকাসক্তি ত্যাগের চিকিৎসা হলো এদের পুনর্বাসনের প্রথম পর্যায়। দীর্ঘমেয়াদী আসক্তিতে ক্ষেত্রে এই চিকিৎসা তেমন ফলদায়কও হয় না। সেজন্য কাউন্সেলিং ও আচরণগত পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়। রাস্তা থেকে এই সংশোধন কেন্দ্রে আসার পর এই শিশুদের আলাদা একটি সমাজ তৈরি হয়। তাদের প্রতিদিনের কার্যক্রম ও আচরণ দেখে 'ভালো, মোটামুটি ও খারাপ'- এ তিনটি পর্যায়ে তাদের সুস্থতা চিহ্নিত করা হয়। আপনগাঁওয়ে আসা ছেলেরা কেন্দ্রের বিশাল সব্জি বাগানে কঠোর পরিশ্রম করে। সঙ্গে চলে প্রাথমিক শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ক্লাস। এই বাগানে ফলানো সব্জি একেবারেই তাদের উৎপাদন। এই বাগানের ফল তারা আগের মতোই একসঙ্গে আনন্দ নিয়ে খায়, যেমনটা হতো রাস্তায় থাকার দিনগুলোতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এনআইআর/কিউএইচ/জেকে/২০৪১ ঘ.