লালমনিরহাট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোটেলের খাবার খেয়ে লালমনিরহাটে ৪০ জন অসুস্থ হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ বাজারের একটি রেস্তোরাঁয় তারা পরোটা ও ডাল খায়। এরপরই বমি বমি ভাব, পাতলা পায়খানাসহ বিভিন্ন অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
অসুস্থ সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সরকার বলেন, সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালে বমি বমিভাব, পাতলা পায়খানা, পেটব্যথাসহ নানা লক্ষণ নিয়ে রোগী আসা শুরু হয়। একঘণ্টার মধ্যে ৪০জন রোগী হাসপাতালে ভর্তি হয়।
হোটেলটির পরোটার আটায় বিষাক্ত কিছু পড়ে কিংবা টিকটিকি বা অন্য পোকামাকড় পায়খানা, প্রস্রাব করার কারণে খাবারে বিষক্রিয়া হতে পারে। বাসি পরোটা খেলেও এরকম হতে পারে।
তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান ।
খুনিয়াগাছ গ্রামের কোরবান আলী বলেন, নির্বাচনের কারণে খুনিয়াগাছ বাজারের হেলটুর চায়ের দোকান এক প্রার্থীর কর্মী সমর্থকদের নাস্তা করার জন্য বরাদ্দ ছিল।
সকালে এরা সবাই নির্বাচনী প্রচারণা শেষে এখানে এসে নাস্তা করে।
অসুস্থ সালাম বলেন, "সকালে নির্বাচনী প্রচারণা শেষে আমরা সবাই ওই চায়ের দোকানে পরোটা ও ডাল খওয়ার কিছুক্ষণ পরই বমি, মাথাব্যথা শুরু হয়। আবার কারো কারো পাতলা পায়খানাও হয়। পরে একে একে সবাই হাসপাতালে যাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24