ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাময়-অযোগ্য রোগীদের বাড়ি গিয়ে সেবা দিতে ভ্রাম্যমাণ রোগ প্রশমন সেবা চালু করেছে একটি প্রতিষ্ঠান। রাজধানীতে শনিবার এর উদ্বোধন হয়।
জাতীয় প্রেসক্লাবে এ সেবার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সেবা দানকারী দলকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড একটি অ্যাম্বুলেন্স স্পন্সর করেছে।
'মোসাব্বির ক্যানসার কেয়ার সেন্টার' এ সেবা চালু করেছে। সেন্টারের চেয়ারম্যান মোদাস্সির হোসেন খান বলেন, সেবা দানকারী দলে ডাক্তার, নার্স, সমাজসেবক ও মনোবিজ্ঞানী থাকবেন।
আট বছর আগে ক্যানসারে ছেলে মোসাব্বিরের অকাল মৃত্যুর পর মোদাস্সির এ প্রতিষ্ঠান চালু করেন।
"প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা, নিশ্বাসের সমস্যা, হতাশা ও মূত্রনালীর সমস্যার ওপর জোর দিচ্ছি," জানিয়ে মোদাস্সির বলেন, "সেবাটি দিনে দিনে আরো উন্নত হবে।"
২০০৭ সালে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সেবা চালু হয়। প্রকল্প সমন্বয়ক অধ্যাপক নেজামুদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, রোগের লক্ষণ ব্যবস্থাপনা, মানসিক-সামাজিক সাহায্য ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরাময়-অযোগ্য রোগীদের সাহায্য দেওয়া এ সেবার লক্ষ্য।
তিনি জানান, রোগ নির্ণয় ও চিকিৎসার সময় মানসিকভাবে তারা যাতে ভেঙে না পড়ে সেজন্য তাদের সাহায্যের প্রয়োজন হয়। এ সেবার মাধ্যমে সেটা করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিএনবি/পিডি/২২০১ ঘ.
bdnews24