ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা বৃদ্ধির লাগাম টেনে ধরতে 'মায়ের হাসি' নামে বছরব্যাপী এক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন। ইউএসএইডের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই কর্মসূচির আওতায় দেশজুড়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে যৌথভাবে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘ মেয়াদী ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো সম্পর্কে মানুষকে আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট ওবামার জিএইচআই-প্লাস (গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ প্লাস) তালিকাভুক্ত দেশ হিসেবে স্বাস্থ্য খাতে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক বেশি সহযোগিতা পাচ্ছে।
জিএইচআই-প্লাস উদ্যোগে শিশু ও মাতৃ মৃত্যু এবং জননিয়ন্ত্রণের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মায়ের হাসি প্রকল্পের পরিচালক আবু জামিল ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই কর্মসূচির আওতায় পোস্টার, পথ নাটক, লোক সঙ্গীত, ভিডিও প্রদর্শনী ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে তৃণমূলের মানুষকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সম্পর্কে সচেতন করা হবে।
তিনি বলেন, এসব পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ও তা ব্যবহারের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণে অনেকেই আগ্রহী হন না।
এই কর্মসূচির মাধ্যমে মানুষকে দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হবে। আর যেসব দম্পতি ইতোমধ্যে দুটি সন্তানের জন্ম দিয়েছেন, তাদের উৎসাহী করা হবে স্থায়ী পদ্ধতি (বন্ধ্যাকরণ) গ্রহণে।
বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারী পরিবারগুলোর মধ্যে দীর্ঘ মেয়াদী বা স্থায়ী পদ্ধতি নেওয়ার হার ২০ শতাংশেরও কম। যদিও ৮০ শতাংশ পরিবারই বলেছে, তারা এসব পদ্ধতি সম্পর্কে জানে।
আবু জামিল ফয়সল বলেন, এই ব্যবধান ঘোচানোই 'মায়ের হাসি' প্রকল্পের উদ্দেশ্য।
তিনি বলেন, এসব পদ্ধতির সম্ভাব্য গ্রাহকদের মধ্যে পর্যাপ্ত প্রচারণার অভাব, বিস্তারিত তথ্য সহজলভ্য না হওয়া এবং কিছু ভুল ধারণার কারণে দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি এ দেশের জনপ্রিয়তা পায়নি। মায়ের হাসি কর্মসূচির মাধ্যমে সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে একটি সন্তান নেওয়ার পরপরই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের বিষয়ে নবদম্পতিদের আগ্রহী করে তোলা হবে।
টেলিভিশন অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী জয়া আহসান উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের হাসি কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
স্বাস্থ্য সচিব হুমায়ুন কবীর আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে সরকারের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি আবারো গতিশীলতা পাবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। দরিদ্র পরিবারগুলোতে সন্তানের সংখ্যা ধনী পরিবারগুলোর তুলনায় গড়ে একটি করে বেশি। আর সব ধরনের পরিবারের মধ্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৫৬ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/০০৫৬ ঘ.
bdnews24