২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষস্বাস্থ্যনীতির চূড়ান্ত খসড়ায় জনমত স্থান পায়নি

ঢাকা থেকে সড়ক পথে যেতে পাঁচ ঘণ্টা সময় লাগলেও ব্রাহ্মণবাড়িয়ার তিনটি গ্রামের প্রায় এক লাখ ১০ হাজার মানুষ এখন পর্যন্ত তাদের এলাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

নূরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে সড়ক পথে যেতে পাঁচ ঘণ্টা সময় লাগলেও ব্রাহ্মণবাড়িয়ার তিনটি গ্রামের প্রায় এক লাখ ১০ হাজার মানুষ এখন পর্যন্ত তাদের এলাকায় একজন বিশেষজ্ঞ চিকিৎসক পায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় দুই বছর আলোচনা ও পর্যালোচনার পর জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া চুড়ান্ত করলেও ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপুর, গোয়ালনগর ও ভুলাপুত গ্রামের বাসিন্দাদের জন্য একজন চিকিৎসকও নিশ্চিত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যনীতিতে নানা বিষয়ের উল্লেখ থাকলেও এই বিষয়টির ওপর আলোকপাত না করায় বাংলাদেশে প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটা একটা চ্যালেঞ্জ হিসাবেই রয়ে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশের প্রায় ২০ শতাংশ লোক সরকারি স্বাস্থ্যসেবা পায়। অবশ্য স্বাস্থ্য অধিকার কর্মীরা বলছেন, একটি জোরালো স্বাস্থ্যসেবা কাঠামো থাকার পরও মাত্র ১০ শতাংশ লোক এই সেবা পেয়ে থাকে। স্বাস্থ্য অধিকার কর্মী ফরিদা আক্তার এ বিষয়ে বলেন, "দুর্বল ব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যসেবা খাতে নাজুক অবস্থা বিরাজ করছে। এমনকি এ খাতের লোকজন দায়িত্বে অবহেলা করার সুযোগ পাচ্ছে।" স্বাস্থ্যমন্ত্রী এএফএম রুহুল আমিন জানিয়েছেন, সরকার জনগণের মতামতের ভিত্তিতেই খসড়া স্বাস্থ্যনীতি তৈরি করছে। তিনি বলেন, "সরকার ইন্টারনেট এবং বিভিন্ন বিভাগীয় সদরে আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে জনগনের মতামত নিয়েছে।" তবে সমালোচকরা বলছেন, বাস্তবে দেখা গেছে যে, চুড়ান্ত খসড়ায় সেই সব মতামতের প্রতিফলন ঘটেনি। জনগনের মতামত সংবলিত একটি নথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। এতে দেখা যায়, জনগন যে মতামত ব্যক্ত করেছেন তাতে কিছু বাস্তব পদক্ষেপ নেওয়ার পরামর্শ রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে সেগুলো চুড়ান্ত খসড়ায় স্থান পায়নি। স্বাস্থ্য অধিকার সংগঠন স্বাস্থ্য আন্দোলনের আহ্বায়ক ফরিদা আক্তার বলেন, তাদের মতামত ও পরামর্শ চুড়ান্ত খসড়ায় স্থান না পাওয়ায় তিনি বিশ্মিত হয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ বিষয়ে অনেক পরামর্শ দিয়েছিলাম কিন্তু চুড়ান্ত খসড়ায় তা যুক্ত করা হয়নি।" ফরিদা আক্তার জানান, দাতা সংস্থাগুলোর মতামতকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি ধারণা করছেন। আর এর ফলে এই নীতি কোনভাবেই সবার জন্য স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিতে পারবে না। গণস্বাস্থ্য পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট- এর ট্রাস্টি ডা. জাফরুল্লা চৌধুরী এ ব্যাপারে বলেন, "বাংলাদেশের দুর্বল স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য অনেক বিষয়ই এর সঙ্গে যুক্ত করা প্রয়োজন। কিন্তু সবার আগে প্রয়োজন সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।" তিনি বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আর এটাই যদি আমরা না করতে পারি তাহলে দেশে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যনীতি করার অর্থ কী?" ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, "চিকিৎসকরা তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তাই এমন এক উপায় অবলম্বন করতে হবে যেন তারা কর্মস্থলে থাকতে উৎসাহিত হন। এর জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা যেতে পারে অথবা কঠোর আইন করা যেতে পারে।" বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গ্রামাঞ্চলে পল্লী চিকিৎসকরাই চিকিৎসা করে থাকেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, তারা মুলত চিকিৎসার নামে অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে দেন। এ ধরনের কর্মকাণ্ড রোধ অথবা নজরদারির জন্য কোন পদক্ষেপের কথা প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে নেই। সুপারিশ গৃহীত হয়নি খসড়া চুড়ান্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করে মতামত নিয়েছিলো। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়েও এ ধরনের একটি সভার আয়োজন করা হয়। ওইসব বৈঠকে সাধারণ বিষয়গুলো নিয়ে বাস্তবসম্মত কিছু সুপারিশ এসেছে। কিন্তু এর একটিও চুড়ান্ত খসড়ায় স্থান পায়নি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যাতে দুর্গম এলাকায় তাদের কর্মক্ষেত্রে অবস্থান করেন সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করার সুপারিশ করা হয়। এছাড়া সদ্য পাশ করা ডাক্তারদের মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করার পরিবর্তে বাধ্যতামূলকভাবে পল্লী অঞ্চলের হাসপাতালগুলোতে ইন্টার্নি করার বিধান রাখার সুপারিশ করা হয়। যাতে নবীন চিকিৎসকরা তাদের কর্মজীবনের শুরুতেই পল্লী অঞ্চলে স্বাস্থ্যসেবায় নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। এ ছাড়া চিকিৎসার নামে অপ্রয়োজনীয় ওষুধ দেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণের সুপারিশও করা হয়। চিকিৎসক ও রোগীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে মেডিকেল বিদ্যায় 'আচরণ বিজ্ঞান' বিষয় অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করা হয়। এসব মতামত চূড়ান্ত খসড়ায় কেন সন্নিবেশ করা হয়নি- সাংবাদিকরা এ প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী জবাব না দিয়ে সাংবাদিকদেরকে এ ব্যাপারে লিখিত পরামর্শ দেওয়ার আহ্বান জানান। গত ৩০ মার্চ তিনি সাংবাদিকদের বলেন, "আমরা আপনাদের পরামর্শ গ্রহণ করবো।" তিনি বলেন, "প্রয়োজনে সরকার দরিদ্র জনগনের জন্য স্বাস্থ্য বীমা চালু করবে। হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা থাকলেও লোকজন সেখানে যাওয়ার ক্ষেত্রে আস্থা পায় না। তারা মনে করে, সেখানেও টাকা লাগবে। আমরা যদি তাদেরকে কার্ড দেই তাহলে তারা আশ্বস্ত হবে।" স্বাস্থ্যনীতির খসড়া চুড়ান্ত করার জন্য গঠিত কমিটির একজন সদস্য তার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যে টানাপোড়েনের কারণে এই কমিটি তিনবার পরিবর্তন করা হয়েছে। একটি কমিটি খসড়ায় জনমতকে অর্ন্তভুক্ত করলেও অন্য কমিটি সেগুলো ছেটে ফেলেছে।" সে যাই হোক, সরকারের স্বাস্থ্যসেবা চাতলপুর, গোয়লনগর ও ভুলাপুত গ্রামের বাসিন্দাদের মতই সাধারণ মানুষের কাছে বছরের পর বছর ধরে অধরাই রয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/বিডি/এলএন/কেএমএস/২২১৭ ঘ.