২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য কুড়ানোর আয় খরচ হয়ে যায় চিকিৎসায়

বর্জ্য কুড়াতে গিয়ে ঢাকা মহানগরীর লক্ষাধিক শ্রমিক আক্রান্ত হচ্ছে মারাত্মক সব রোগে। নুন আনতে পান্তা ফুরানো এসব মানুষ তাদের পেশার কারণে পাওয়া এ সব রোগের চিকিৎসায়ই ব্যয় করছেন আয়ের একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য কুড়াতে গিয়ে ঢাকা মহানগরীর লক্ষাধিক শ্রমিক আক্রান্ত হচ্ছে মারাত্মক সব রোগে। নুন আনতে পান্তা ফুরানো এসব মানুষ তাদের পেশার কারণে পাওয়া এ সব রোগের চিকিৎসায়ই ব্যয় করছেন আয়ের একটি অংশ। বেসরকারি সংস্থা ওয়াস্ট কনসার্ন কনসালটেন্ট ও সুইসকনটাক্ট ক্যাটালিস্টের এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে। প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে জড়িতরা তাদের মোট আয়ের শতকরা ২ দশমিক ৬ ভাগ থেকে ১৫ ভাগ কাজের পেশাগত ঝুঁকি মোকাবেলায় ব্যয় করে বলে প্রতিবেদনে বলা হয়। প্লাস্টিক জাতীয় দ্রব্য ও অন্যান্য বর্জ্যরে সঙ্গে পচনশীল বিভিন্ন বর্জ্য মিশে থাকে। আর তা থেকেই ছড়ায় জীবাণু। পুনঃপ্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত শ্রমিকদের ঝুঁকি সবচেয়ে বেশি। এসব শ্রমিকদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ে। ঝুঁকিমুক্ত থাকার জন্য পর্যাপ্ত প্রতিরোধমূলক উপকরণ ব্যবহার না করে এসব বর্জ্য সংগ্রহ করা, সংগৃহিত বর্জ্য মাথায় করে ভাঙারির দোকান পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া এবং কারখানায় কাজ করার ফলে রোগব্যাধি সৃষ্টি হয় বলে বিশেষজ্ঞরা বলছেন। বর্জ্য সংগ্রহকারীদের মধ্যে ডায়রিয়া ও পানিশূন্যতা দেখা দেয়। এ ছাড়া বর্জ্য পুনপ্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরতদের ব্রঙ্কাইটিস, কাশি, জন্ডিস ইত্যাদি রোগ দেখা দেয় বলে গবেষণায় বেরিয়ে এসেছে। সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ঢাকা নগরীর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনাকারী সংস্থা প্রিজম বাংলাদেশের কর্মসূচি সমন্বয়ক ত্বড়িৎ কান্তি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেডিকেল বর্জ্য যে কোনো নগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ বর্জ্য স্পর্শ করার ফলে হেপটাইটিস বি ও সি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। থাকতে পারে অন্য আরো অনেক রোগের জীবাণুও। কিন্তু ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মাত্র এক তৃতীয়াংশ তাদের বর্জ্য সরকারস্বীকৃত পন্থায় করে থাকে বলে জানান তিনি। "বাকিরা সামান্য কিছু টাকা বাঁচাতে সাধারণ বর্জ্যরে সঙ্গে মেডিকেলের ঝুঁকিপূর্ণ বর্জ্যও দিয়ে দেন", বলেন ত্বড়িৎ। এ সব বর্জ্য থেকে পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য দ্রব্য সংগ্রহকারী শিশু, এ স্তরের উৎপাদক, উৎপাদিত দ্রব্যের ভোক্তা সবারই ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। প্রিজমের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন সম্পর্কে ত্বড়িৎ বলেন, "আমরা বিভিন্ন এলাকায় মেডিকেল বর্জ্য সংগ্রহকারী টোকাইদের পর্যবেক্ষণ করে দেখেছি, এদের আয়ু থাকে খুবই কম। এরা দ্রুত মারা যান।" পুরান ঢাকার লালবাগ এলাকার প্লাস্টিক কারখানার শ্রমিক মো. আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, চার বছর ধরে তিনি পুরান ঢাকার বিভিন্ন প্লাস্টিক কারখানায় কাজ করেছেন। এখন দৈনিক মজুরি ১৫০ টাকা। তবে শুরু করেছিলেন পেটে-ভাতে চুক্তিতে। তিনি বলেন, "কারখানায় কাজ করে বের হওয়ার পর মাথা ঘুরতে থাকে। প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। এসবের চিকিৎসা আর ঢাকায় থাকতেই আয়ের প্রায় পুরোটা ব্যয় হয়ে যায়।" "যে অভাব মোচনের জন্য ঢাকায় এসেছি, সেই অভাব আর পিছু ছাড়লো না", বলেন বাসার। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওয়াস্ট কনসার্নের হিসাবে ঢাকায় পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য বর্জ্য সংগ্রহকারী শিশু, দালাল, ফেরিওয়ালা, প্রাথমিক উৎপাদন শ্রমিক ও উৎপাদক মিলিয়ে এ খাতে কর্মরত মোট মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। ঢাকা শহরে বর্তমানে প্রতিদিন প্রায় ৪ হাজার ২০০ টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে পচনশীল বর্জ্য যেমন খাদ্য দ্রব্যের উচ্ছিষ্ট বা এ জাতীয় বর্জ্যই শতকরা প্রায় ৭০-৮০ ভাগ। বাকিটা লোহা, লোহা, প্লাস্টিক, গ্লাস ইত্যাদি। এসব বর্জ্যরে অধিকাংশই পুনঃপ্রক্রিয়াজাত হয়। ওয়াস্ট কনসার্নের হিসাব অনুযায়ী পচনশীল বর্জ্যকে কম্পোস্টে পরিণত করা যায়। এজন্য প্রতি ১ টনের জন্য স্থাপিত ২০ বছর জীবনকালের এ রকম একটি প্লান্ট স্থাপনে ১০ লাখ টাকা প্রয়োজন হয়। এ ধরনের একটি প্লান্টে দুটি (টোকাই বা দালাল ব্যতীত) নিরাপদ চাকরি সৃষ্টি হয় বলেও মনে করে সংস্থাটি। সরকারি উদ্যোগ বা সরকারি সমর্থনে বেসরকারি উদ্যোগে এ ধরনের প্রকল্প লাভজনক করা সম্ভব বলেও মনে করে তারা। ঢাকা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নগর কর্তৃপক্ষ প্রতিদিন উৎপাদিত বর্জ্যরে শতকরা ৪৪ ভাগ সংগ্রহ করে পরে ধ্বংস করে। ডিসিসির বাজেটের শতকরা ১৫ ভাগের মতো এ খাতে ব্যয় হয়। ওয়াস্ট কনসার্নের হিসাবে এতে টনপ্রতি খরচ পড়ে প্রায় ২৮০০ টাকা। রাজধানীর শাহবাগ এলাকায় পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য বর্জ্য সংগ্রহ করেন রুবেল হাসান নামে ১৫ বছরের এক কিশোর। বিভিন্ন চর্মরোগে আক্রান্ত রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ছোটবেলায় কেউ অন্য কোনো কাজ না দেওয়ায় এ কাজ শুরু করে। একটু বড় হয়ে অন্য কাজ করার মতো শারীরিকভাবে সমর্থ হলেও চর্মরোগে শরীরের রং পাল্টে যাওয়ায় তাকে কেউ আর তাকে কাজ দেয়নি। রুবেল আরো জানায়, এখন মাঝে মাঝে স্বাস্থ্য আরো খারাপ হয়ে যায়। তাই আগের মতো কাজের ইচ্ছাও তার সব সময় থাকে না। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পশ্চিম পাশে স্তূপ থেকে পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য বর্জ্য সংগ্রহকালে রুবেল এসব কথা জানায়। রুবেল বলেছে, তার এসব রোগ কেন হয়েছে তা সে জানে না। প্রতিদিনের আয় মাত্র ২০ থেকে ৪০ টাকা হওয়ার কারণে চিকিৎসার কথাও ভাবেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৮০০ ঘ.