২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অননুমোদিত ওষুধ কারখানায় অভিযান

অনুমোদন ছাড়া এনার্জি ড্রিঙ্ক, সিরাপ ও ভিটামিন ক্যাপসুল তৈরির দায়ে গাজীপুরে এক কারখানার দুকর্মকর্তাকে আটক ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

গাজীপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া এনার্জি ড্রিঙ্ক, সিরাপ ও ভিটামিন ক্যাপসুল তৈরির দায়ে গাজীপুরে এক কারখানার দুকর্মকর্তাকে আটক ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকায় গ্রামো ফার্মাসিউটিক্যালস নামের ওই কারখানায় জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন, বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। র‌্যাব-১ জানায়, কারখানার মহাব্যবস্থাপক (জিএম) কবির আহমেদ (৩৫) ও হিসাবরক্ষণ কর্মকর্তা শিব্বির আহমেদকে (২৫) আটক ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ওষুধ প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ এনার্জি ড্রিঙ্ক, সিরাপ ও ভিটামিন ক্যাপসুল উদ্ধার ও ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আইরিন ফারজানা অবৈধভাবে এনার্জি ড্রিঙ্ক উৎপাদনের অভিযোগে কারখানার ওই দু' কর্মকর্তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন। র‌্যাব-১ এর সহকারি পরিচালক মো. সোহেল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেলিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অনুমতি ও অনুমোদন না নিয়ে বিএসটিআই'র নাম ব্যবহার করে তৈরি বিপুল পরিমাণ এনার্জি ড্রিঙ্ক ও সিরাপের বোতল এবং ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। "এ ছাড়া অনুমতি ও অনুমোদন না নিয়ে ওইসব পণ্য উৎপাদন এবং গুদামজাত করার অভিযোগে গ্রামো ফার্মাসিউটিক্যালস নামের কারখানার দু'কর্মকর্তাকে আটক করা হয়েছে।" বিএসটিআই'র পরিদর্শক মো. হাসিবুল হাসান জানান, ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই'র ২০০৩ এর ৩০ ধারায় কারখানার ওই দু'কর্মকর্তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে। "এ ছাড়া ওষুধ প্রশাসন অবৈধভাবে তৈরি ওষুধ ও পণ্যের জব্দ তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১৭ ঘ.