ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকেরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থাকতে না চাওয়ায় মফস্বলের মানুষ ভাল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, বলেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "চিকিৎসকদের গ্রামমুখী করতে বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে তাদের গ্রামে থাকতে না চাওয়ার প্রবণতা কমবে।"
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অধ্যাপক অরুপ রতন চৌধুরীর দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে ৯ হাজার সাতশ ২২টি কমিউনিটি ক্লিনিক চালু আছে জানিয়ে তিনি বলেন, "উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব ক্লিনিকে ডাক্তার নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।"
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমইউএস/পিডি/১৯২৩ ঘ.
bdnews24