নুরুল ইসলাম হাসিব
ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিণত শিশুজন্মের উচ্চহারের কারণে শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী এ দেশে প্রতি ১০টি শিশুর মধ্যে একটি অপরিণত অবস্থায় জন্ম নেয়। আর ২৭ শতাংশ নবজাতকের মৃত্যুর কারণও এটি। প্রতি এক হাজার নবজাতকের মধ্যে ৩৭টিকেই আর বাঁচানো সম্ভব হয় না।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা চলতে থাকলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী শিশুমৃত্যুর হার ২০১৫ সালের মধ্যে নির্ধারিত মাত্রায় কমিয়ে আনার লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়বে। তারা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ ও নীতিমালার অভাবেই শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্য পাওয়া যাচ্ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএসইউ) উপ উপাচার্য নবজাতক বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপরিণত শিশু জন্মের বিষয়টি সব দেশেই একটি সমস্যা। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সমস্যা অনেকত বেশি প্রকট।"
তিনি জানান, বাংলাদেশে যেখানে প্রতি ১০০ শিশুর মধ্যে ১০টিই অপরিণত অবস্থায় জন্ম নেয়, সেখানে উন্নত বিশ্বে এই হার ৫ থেকে ৯ শতাংশ।
মায়ের গর্ভধারণের পর ৩৭ সপ্তাহ পার হওয়ার আগেই শিশুর জন্ম হলে সেটি অপরিণত অবস্থঅতেই ভূমিষ্ঠ হয়। এক্ষেত্রে তাদের ওজন হয় স্বাভাবিক আড়াই কেজির তুলনায় কম।
অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় এসব শিশু অঙ্গ-প্রত্যঙ্গ অনেক ক্ষেত্রেই পূর্ণাঙ্গ হয় না। এছাড়া স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সমস্যায় ভোগে তারা। এসব শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় বলে প্রায়ই তারা বিভিন্ন ধরনের সংক্রমণে ভোগে।
ডা. শহিদুল্লাহ বলেন, "নানা ধরনের জিনগত ও শারীরিক বিষয় ছাড়াও নানা ধরনের আর্থ-সামাজিক বিষয় এর সঙ্গে জড়িত।"
গর্ভাবস্থায় নারীদের কঠোর পরিশ্রম, মানসিক চাপ, অপুষ্টি ও নানা ধরনের সংক্রমণে কারণে বাংলাদেশে অপরিণত শিশু জন্মের হার অনেক বেশি বলেও জানান তিনি।
এ ধরনের শিশুদের নিয়মিত মায়ের দুধ খাওয়ানো হলে জীবাণুর সংক্রমণ রোধ করা সহজ হয় জানিয়ে অধ্যাপক শহিদুল্লাহ বলেন, শিশুর জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানো শুরু করা উচিৎ।
তিনি বলেন, জনসচেতনা এবং গর্ভবতী মায়েদের পর্যাপ্ত যত
bdnews24