সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে বুধবার সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাংচুর হয়েছে।
এ সময় চার চিকিৎসক ও দুই ওয়ার্ডবয়কে মারধর করেছে হামলাকারীরা।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ভাতশালা গ্রামের আব্দুর রশিদের ছেলে টুটুল (৩০) সকালে পারুলিয়ায় তার শ্বশুর বাড়ি এসে বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা দেবহাটা হাসপাতালের নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
এদিকে টুটুলকে হাসপাতালে আনার পর কোনো চিকিৎসককে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে টুটুলের পরিবার।
এতে স্থানীয় কিছু বিক্ষুব্ধ তরুণসহ স্বজনরা দুপুরে হাসপাতালে এসে আসবাবপত্র ভাংচুর শুরু করে।
এ সময় তারা ডা. ইফতেখার আলী, ডা. নাছিরউদ্দীন, ডা. আবুল হোসেন, ডা. কামাল হোসেন মোল্লা, ওয়ার্ডবয় মিলন ও খোকনকে মারধরও করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেবহাটা থানার ওসি আব্দুল বারী বলেন, ঘটনাস্থানে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি।
এদিকে খবর পেয়ে দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রহিম ও সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।
ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24