ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসকের জন্য রোগীর আস্থা অর্জনই গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকায় হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আসা বিদেশি বিশেষজ্ঞরা।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ মত প্রকাশ করেন সিঙ্গাপুরের ন্যাশনাল হার্ট সেন্টারের চিকিৎসক দিং জি পিন এবং লন্ডন সেইন্ট মেরি হাসপাতালের চিকিৎসক পিপিন কোজোদোজো।
হৃদরোগ বিষয়ক চতুর্থ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন এ দুই বিশেষজ্ঞ চিকিৎসক। ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এ সম্মেলন আয়োজন করে।
দিং জি পিন বলেন, “বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আমার মেলামেশা অনেক। সিঙ্গাপুরে আমি তাদের কয়েকজনকে প্রশিক্ষণও দিয়েছি। তারা জানতে বেশ আগ্রহী আর মনোযোগী।”
বাংলাদেশের চিকিৎসকদের সম্পর্কে অভিন্ন মূল্যায়ন কোজোদোজোরও। তিনি বলেন, “তারা (বাংলাদেশের চিকিৎসক) চিকিৎসাক্ষেত্রে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটাতে আগ্রহী।”
চিকিৎসা সেবায় বাংলাদেশে আধুনিক সরঞ্জাম সহজলভ্য হওয়ার পরও চিকিৎসকের ওপর রোগীদের পরিপূর্ণ আস্থা অর্জন সময়সাপেক্ষ বলে মনে করেন দুই বিশেষজ্ঞ।
বিদেশে বাংলাদেশিদের চিকিৎসা নেওয়ার প্রবণতার বিষয়ে তারা বলেন, সিঙ্গাপুরে রোগীদের আস্থা অর্জনে ২৫ থেকে ৩০ বছর সময় লেগেছে।
“সিঙ্গাপুরে এক সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। রোগীরা বিদেশি চিকিৎসকদের বেশি দক্ষ ভাবতেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে,” বলেন দিং।
তার মতে, হৃদরোগের চিকিৎসা সেবা আরো সহজলভ্য করতে হবে।
“হাসপাতালগুলোর উচিৎ নিজেদের সাফল্যের হার, হাসপাতালে কাটানোর সময়কাল এবং সংক্রমণের হার সম্পর্কে রোগীদের জানানো, যাতে তারা তুলনা করতে পারে,” বলেন দিং।
তার মতে, যদি মানুষ বুঝতে পারে হাসপাতালগুলো স্বচ্ছ, তাহলে তাদের মধ্যে আস্থা গড়ে উঠবে।
চিকিৎসক-রোগীর সম্পর্ককে জটিল অভিহিত করে কোজোদোজো বলেন, বিভিন্ন দেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে এই সম্পর্ক নির্ধারিত হয়ে থাকে।
রোগীদের আস্থা সৃষ্টি করতে বাংলাদেশে নার্সিং সেবা, টেকনেশিয়ান এবং হাসপাতালের সুযোগ-সুবিধার গুণগত মানোন্নয়নের পরামর্শ দেন তিনি।
“রোগীদের মধ্যে বিশ্বাস জন্মাতে সময় লাগলেও হারাতে সময় লাগে না,” সতর্ক করেন সেইন্ট মেরি হাসপাতালের চিকিৎসক।
বাংলাদেশে প্রথম একটি সম্মেলনে যোগ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানকার চিকিৎসকরা জানে ও বোঝে। সরকারের সহযোগিতায় তারা নতুন প্রযুক্তির ব্যবহার করতে চান।
বাংলাদেশের রোগীরা অনেক দেরিতে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন বলে কোজোদোজের পর্যবেক্ষণ।
বিশ্বজুড়ে হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এ হার কমাতে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ দেন উভয় বিশেষজ্ঞ।
দিং বলেন, “কোন জীবন-যাপন পদ্ধতি স্বাস্থ্যসম্মত এবং কোনটি নয়, সে সম্পর্কে মানুষের সম্যক ধারণা থাকা প্রয়োজন। কেবল এ সচেতনতাই এ চিত্র পাল্টাতে পারে।”
হবু চিকিৎসকদের উদ্দেশে দিং বলেন, “শিখতে থাকুন এবং অনুসন্ধিৎসু হন, না হলে পিছিয়ে পড়বেন।”
“আমরা সারাজীবন ধরেই শিখছি। আপনারা না শিখলে রোগীরা কোনোদিনই নতুন প্রযুক্তির সুবিধা পাবে না,” পরামর্শ কোজোদোজোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরআরডি/এমআই/২২২৬ ঘ.
bdnews24