ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশুদ্ধ খাবার গ্রহণ ও যথাযথ সংরক্ষণ পদ্ধতি নিয়ে ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে ছয় মাসের প্রচারাভিযান চালাবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
এফএওর প্রতিরোধমূলক কর্মকাণ্ড বিষয়ক (প্রিভেনটিভ অ্যাপ্রোচ) বিশেষজ্ঞ ফ্রান্সেস অ্যান ওয়ার্নোক বুধবার বলেন, আগামী জানুয়ারিতে এ প্রচারাভিযান শুরু হবে।
এফএওর এক সমীক্ষায় দেখা গেছে, মাত্র ১৪ শতাংশ মানুষ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়। আর ৪০ শতাংশ মানুষ সঠিকভাবে সংরক্ষণ এবং গরম করা ছাড়াই ফেলে রাখা খাবার খান।
"এ ধরনের অভ্যাসে খাবার থেকে ডায়রিয়ার মতো অসুখ ছড়াতে পারে", বলেন ওয়ার্নোক।
রাজধানীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট মিলনায়তনে ফুড অ্যান্ড সেফটি প্রমোশন ওয়ার্কিং গ্র"পের সদস্যদের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ওয়ার্নোক জানান, ২০ থেকে ৩৯ বছরের নারীরাই এ প্রচারাভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ওপরও জোর দেওয়া হচ্ছে এ প্রচারাভিযানে। গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার জন্য লোকসঙ্গীত ও প্রচার মাধ্যমের সহায়তা নেওয়া হবে।
এফএওর প্রতিরোধমূলক কর্মকাণ্ড বিষয়ক জাতীয় উপদেষ্টা মোহাম্মদ মাহবোবোর রহমান বলেন, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া ও রান্নার আগে সরঞ্জাম ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়ার মতো অভ্যাস পরিবর্তনের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/০২৪১ ঘ.
bdnews24