২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগযন্ত্রণায় প্রশমনসেবা, ঢাকায় সম্মেলন শুরু

মরণাপন্ন ব্যক্তির রোগযন্ত্রণায় প্রশমনসেবা বা প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে বিএসএমএমইউতে শুক্রবার শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। বিভিন্ন দেশের ৩০০ চিকিৎসক এতে অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নূরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশায় স্কুলশিক্ষক শহীদুল ইসলাম মোটামুটি সচ্ছলই ছিলেন। বউ, সন্তান নিয়ে সুখী পরিবার। তবে হঠাৎ করেই যেন সব ওলট-পালট হয়ে গেল। পাল্টে গেল জীবন ধারা। মরণব্যাধি ক্যান্সার যকৃত থেকে ছড়িয়ে পড়েছে মস্তিষ্কে। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে সহায়-সম্বল বিক্রি করে তিনি ছুটতে থাকেন চিকিৎসকদের দ্বারে-দ্বারে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে এ ধরনের রোগীর সংখ্যা অসংখ্য। যারা বাঁচার আশা নিয়ে সব হারিয়েছেন, তবুও মুক্তি মেলেনি যন্ত্রণা থেকে। চিকিৎসা বিজ্ঞানের মতে, এ ধরনের রোগীর প্রয়োজন প্রশমনসেবা বা প্যালিয়েটিভ কেয়ার, যা মৃত্যুর আগে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। দুরারোগ্য ব্যাধির শেষ পর্যায়ে মরফিন ড্রাগ ব্যবহার করে যন্ত্রণা প্রশমন এবং রোগীকে শারীরিক ও মানসিকভাবে রোগের সঙ্গে যুদ্ধ করে ভালোভাবে বাঁচিয়ে রাখার কৌশলই প্যালিয়েটিভ কেয়ার। বাংলাদেশে শুধু ক্যান্সারের রোগীদেরকেই প্রশমনসেবা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশে এখন কমপক্ষে ১২ লাখ ক্যান্সার রোগী রয়েছে। আর প্রতিবছর এ রোগে আক্রান্ত হচ্ছে প্রায় সোয়া দুই লাখ মানুষ। সারা বিশ্বে অনেক আগে থেকে চিকিৎসার ক্ষেত্রে প্রশমনসেবা চালু হলেও বাংলাদেশে এর প্রচলন হয়েছে ২০০৭ সালে। বিভিন্ন স্থানে এ ধরনের চিকিৎসা দেন এমন চিকিৎসক আছেন মাত্র ১২ জন। এ বিষয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে প্রশমনসেবা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা ৩০০ চিকিৎসক ও বিশেষজ্ঞ। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসাবিজ্ঞানের এই নতুন ধারাকে জাতীয় স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করা জরুরি। সেইসঙ্গে এর ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে সাধারণ জনগণকে। ওয়ার্ল্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান ডেভিড প্রেইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের মতো দেশের দরিদ্র জনগণ যারা দুরারোগ্য ব্যাধিতে না ভোগা পর্যন্ত চিকিৎসকের কাছে যান না, তাদের জন্য প্রশমনসেবা খুবই উপযোগী।" জাতীয় স্বাস্থ্যনীতিতে প্রশমনসেবা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, "প্রশমনসেবা দিয়ে রোগ উপশম করা যায় না ঠিকই, তবে এটি রোগীকে যন্ত্রণা থেকে মুক্ত রাখে।" বিএসএমএমইউ'র প্রশমনসেবা প্রকল্পের সমন্বয়ক প্রফেসর নিজামউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশমনসেবা গুরুতর অসুস্থ রোগীকে মানসিক, মনস্তাত্ত্বিক ও আত্মিকভাবে সহায়তা করে।" "রোগ নির্ণয় এবং চিকিৎসা চলার সময়ে রোগীর সব ধরনের ভোগান্তির জন্য সবার প্রস্তুতি থাকা প্রয়োজন", বলেন তিনি। ভারতের কেরালা রাজ্যের ইনস্টিটিউট অব প্যলিয়েটিভ মেডিসিন এর পরিচালক ড. সুরেশ কুমার প্রশমনসেবাকে একটি বিস্তৃত সেবা বলে অভিহিত করেন। তিনি বলেন, "অপেক্ষাকৃত কম মূল্যের এই প্রশমনসেবা কেরালা রাজ্যের জাতীয় নীতিতে অন্তর্ভুক্তি এবং জনগণের কাছে পৌঁছানোর কারণে বিশ্বের কাছে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।" ওয়ার্ল্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান ডেভিড প্রেইলের মতে, প্রশমনসেবার মূল ওষুধ মরফিন ড্রাগের দাম হাতের নাগালে রাখা জরুরি। এ বিষয়ে প্রফেসর আহমেদ বলেন, "আমাদের দেশে মরফিনের দাম খুব কম হওয়ায় ওষুধ প্রস্তুতকারক কম্পানিগুলো এই ড্রাগ তৈরিতে তেমন আগ্রহ দেখায় না। এজন্য সবার আগে সরকারকেই এগিয়ে আসতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/এএল/এইচএ/১৬৫০ ঘ.